হোয়াইট হাউস প্রেস সেক্রেটারির আইন পেশার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া তার আইন পেশার অভিজ্ঞতা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন।

রাজনীতিতে আসার আগে আইন পেশায় কাজ করেছেন বলে জানিয়েছেন জ্যাকারিয়া। ট্রাম্পও তাকে একজন আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন।

তবে যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য বা ওয়াশিংটন ডিসিতে জ্যাকারিয়া আইনজীবী হিসাবে নিবন্ধিত ছিলেন কিংবা সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন—এমন কোনো নথি খুঁজে পায়নি রয়টার্স।

রয়টার্স বলছে, জ্যাকারিয়ার লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি বেইজিংয়ে ঝং লুন ল ফার্মে সহযোগী হিসেবে কাজ করেছেন। পরে ২০২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী রিক গ্রেনেলের প্রতিষ্ঠিত অধিকার আদায়ের সংগঠন ফিক্স ক্যালিফোর্নিয়ার জেনারেল কাউন্সেল হিসাবে দায়িত্ব পালন করেন।

এক খুদে বার্তায় গ্রেনেল বলেন, জ্যাকারিয়া ছিলেন একজন জ্যেষ্ঠ উপদেষ্টা। তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে সংগঠনের বাইরের আইনজীবীদের নেতৃত্ব দেওয়ার কাজও ছিলো।

এ বিষয়ে মন্তব্য জানতে ইমেইল করা হলেও বেইজিংয়ের ‘ঝং লুন’ কোনো জবাব দেয়নি। জাকারিয়ার আইন পেশার অভিজ্ঞতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসও কোনো উত্তর দেয়নি বলে জানাচ্ছে রয়টার্স।

তবে বুধবার ইমেইলে পাঠানো এক বিবৃতিতে জ্যাকারিয়া বলেন, “আমি আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনসংক্রান্ত আইন নিয়ে কাজ করেছি। এ ক্ষেত্রে আমার প্রয়োজনীয় সব যোগ্যতা ছিল।”

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের কাছাকাছি সময়ে জ্যাকারিয়াকে নিয়োগ দেওয়ার বিষয়টি হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তাকে বিস্মিত করেছে বলে রয়টার্সকে জানিয়েছেন একজন কর্মকর্তা।

মঙ্গলবার প্রথম সংবাদ ব্রিফিংয়ে জ্যাকারিয়া মাত্র তিনজন সাংবাদিকের প্রশ্ন নেন। ১৫ মিনিটেরও কম সময়ের মধ্যে ব্রিফিং শেষ করেন। তার উপস্থাপনা নিয়ে কয়েকজন সংবাদমাধ্যম বিশ্লেষক ও রাজনৈতিক বিশ্লেষক সমালোচনা করেন।

পেপারডাইন ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ২০১১ সালে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন জ্যাকারিয়া। যুক্তরাষ্ট্রে আইনজীবী হিসেবে লাইসেন্স পাওয়ার আগে সাধারণত আইন বিষয়ে ডিগ্রি নিতে হয়। তবে শুধু আইন বিষয়ে ডিগ্রি থাকলেই দেশটিতে আইন পেশায় কাজ করা যায় না। সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের বার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেখানে আইনজীবী হিসেবে নিবন্ধিত হতে হয়।

মঙ্গলবার এক সাংবাদিক জ্যাকারিয়া কাছে জানতে চান, তিনি কোথায় বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। জবাবে তিনি বলেন, ‘আমি যখন চীনে যাই।’

চীনের আইন অনুযায়ী, দেশটিতে আইনজীবী হিসেবে কাজ করতে হলে চীনা নাগরিক হতে হয়। বিদেশি কর্মীরা আইনি বিষয়ে পরামর্শ দিতে পারেন। তবে তারা সেখানে আইনজীবী হিসাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন না।