ট্রাম্প বললেন, ‘যুদ্ধ শেষের পথে’

প্রায় সাত মাস ধরে চলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের অবসান ঘটতে চলেছে বলে আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বরাবরের মতো তার দাবি, একটি সম্ভাব্য চুক্তি নিয়ে ওয়াশিংটন বর্তমানে তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগ চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি সম্প্রতি সরাসরি ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং তেহরান একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আগ্রহী।

চলমান সংঘাতের অবসান ঘটাতে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে একে সবচেয়ে স্পষ্ট কূটনৈতিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

তবে ট্রাম্প ‘সরাসরি যোগাযোগের’ কথা বললেও, ইরানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। এর আগে ইরানি কর্মকর্তারা ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার দাবি অস্বীকার বা এড়িয়ে গেছেন। তেহরান সবসময়ই বলে আসছে যে, যেকোনো কূটনৈতিক প্রক্রিয়ায় অবশ্যই ইরানের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষা করতে হবে।

গত বুধবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন ও তেহরানকে ধৈর্য্য ধরার আহ্বান জানান। জুন মাসের অন্তর্বর্তী শান্তি চুক্তি পুনরুজ্জীবিত করে আলোচনায় ফেরার তাগিদ দেন তিনি।

অন্যদিকে আব্বাস আরাগচি জানিয়েছেন, ইরান যেকোনো মূল্যে নিজেদের রক্ষায় প্রস্তুত রয়েছে, তবে ইরানের অধিকার সুরক্ষিত করে এমন কূটনৈতিক পথ খোলা রাখতেও তারা আগ্রহী।