জুলাইকে ‘অপমান’ করার অভিযোগে বরখাস্ত বিইউবিটির নারী কর্মকর্তা

জুলাই গণঅভ্যুত্থানকে ‘অপমান’ করার অভিযোগ এনে সাময়িক বরখাস্ত করা হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক জিনাত জোয়ার্দার রিপাকে। 

রবিবার বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ এ সংক্রান্ত অফিস আদেশ পাঠিয়েছেন। হারুন-অর-রশিদের ব্যক্তিগত কর্মকর্তা তানবীর ইসলাম বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আলাপ-কে বলেন, “তদন্ত চলছে। তদন্ত শেষ হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” 

বরখাস্তের আদেশে বলা হয়েছে, “বিইউবিটি প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, বিইউবিটি কর্মচারী আচরণবিধি, শৃঙ্খলা-বিধি, বিশেষত বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সম্পৃক্ততার শূন্য সহনশীল নীতি লঙ্ঘন এবং জুলাই বিপ্লবের চেতনাকে অপমান করার দায়ে আপনাকে ৫ই জুলাই থেকে বিইউবিটির চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। বরখাস্তের আদেশ শৃঙ্খলা কমিটির সুপারিশ এবং বিইউবিটি সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বলবৎ থাকবে।”

অফিস আদেশে আরও বলা হয়, ‘‘বরখাস্তকালীন সময়ে, আপনাকে বিইউবিটি ক্যাম্পাসের বাইরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে, আপনাকে অবিলম্বে সমস্ত দাপ্তরিক নথি, চাবি এবং বিশ্ববিদ্যালয়ের অন্য যে কোনো সম্পত্তি রেজিস্ট্রার অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।’’

বৃহস্পতিবার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ফেইসবুকে পোস্ট দেন জিনাত জোয়ার্দার রিপা। বিষয়টি বিইউবিটি’র শিক্ষার্থীদের নজরে এলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। জিনাত জোয়ার্দার রিপাকে বরখাস্তের দাবিও জানান শিক্ষার্থীরা। 

রবিবার সকালে মিরপুরের রূপনগরে বিইউবিটির প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।