যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। বুধবার বাংলাদেশ সময় ভোরে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে দেওয়া ওই পোস্টে ট্রাম্প বলেন, আমি দুই সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ এবং হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছি।
ট্রাম্প লিখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধে ইরানের ওপর পূর্বনির্ধারিত ‘বিধ্বংসী হামলা’ দুই সপ্তাহের জন্য তিনি স্থগিতে রাজি হয়েছেন।
ট্রাম্প লিখেন, দুই পক্ষের মধ্যে একটি ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর হতে যাচ্ছে। তবে এই স্থগিতাদেশের প্রধান শর্ত হচ্ছে, ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে।
আর ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের ওপর আক্রমণ বন্ধ হলে, আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী তাদের প্রতিরক্ষা কার্যক্রমও বন্ধ করবে। দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী নিরাপদে চলাচলযোগ্য হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচির পোস্ট শেয়ার করেছেন ট্রাম্প। সেই পোস্টে বলা হয়েছে, পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধ এবং যুক্তরাষ্ট্রের ১৫-পয়েন্ট প্রস্তাবের ভিত্তিতে আলোচনার অনুরোধ এবং ওয়াশিংটন কর্তৃক ইরানের ১০-পয়েন্ট প্রস্তাবের সাধারণ কাঠামো আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণের ঘোষণা বিবেচনা করছেন তারা।
বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে ঘোষণা করছি: ইরানের ওপর আক্রমণ বন্ধ হলে, আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী তাদের প্রতিরক্ষা কার্যক্রমও বন্ধ করবে। দুই সপ্তাহের জন্য, হরমুজ প্রণালি নিরাপদে চলাচলযোগ্য হবে। তবে এটি সম্ভব হবে ইরানি সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে।”