মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

ইহুদিবিদ্বেষী বক্তব্য ও অ্যাডলফ হিটলারের প্রশংসা করার অভিযোগে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। বুধবার চলমান অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই তাকে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-এ তার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে খবর প্রকাশের পর অস্ট্রেলিয়া সরকার এই পদক্ষেপ নেয়।

‘লিগ্যাসি অব ফেইথ’ নামক একটি প্রচারে অংশ নিতে অস্ট্রেলিয়া সফরে ছিলেন মিজানুর রহমান আজহারী। তার এই সফরের খবর এবং পুরোনো বিতর্কিত মন্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করে ডেইলি মেইল। এরপরই তার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া সরকার।

আজহারীর বিরুদ্ধে উগ্রবাদ ছড়ানো এবং ঘৃণ্য বক্তব্যের দীর্ঘ অভিযোগ তুলে ধরে পত্রিকাটি। প্রতিবেদনে বলা হয়, এক ওয়াজে হিটলারকে ইহুদিদের ওপর 'ঐশ্বরিক শাস্তি' হিসেবে বর্ণনা করেন মিজানুর রহমান আজহারী।

এ ছাড়াও ইহুদিদের 'বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ এবং ‘বিষাক্ত কলঙ্ক’ বলে অভিহিত করেছেন বলেও অভিযোগ করে পত্রিকাটি। এমন কি এইডস ছড়ানোর পেছনেও ইহুদিদের দায়ি করেন আজহারী।

অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বলেন, “আজহারীর উগ্রবাদী কর্মকাণ্ডের আন্তর্জাতিক রেকর্ড থাকা সত্ত্বেও তাকে অস্ট্রেলিয়ায় আসার অনুমতি দেওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়।”

এর আগে উগ্রবাদী বক্তব্যের জন্য ব্রিটেনও তাকে নিষিদ্ধ করেছিল।

ভিসা বাতিলের বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে একটি পোস্ট দেন মিজানুর রহমান আজহারী। পোস্টে ‘ডেইলি মেইল’-এর প্রতিবেদনকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেন তিনি। নিজেকে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ ও ‘শান্তিপূর্ণ সহাবস্থান’-এ বিশ্বাসী বলেও  দাবি করেন আজহারী। তিনি লেখেন, কিছু ‘স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ’ একজোট হয়ে 'পুরনো, বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে' ভিসা বাতিলের সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে।

অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে 'লিগ্যাসি অব ফেইথ' নামক প্রচারে অংশ নিতে সেখানে যান ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। প্রচারের মাঝপথে তার ভিসা বাতিল করে আস্ট্রেলিয়া সরকার।