যুদ্ধ শুরুর পর প্রথম জনসমক্ষে নেতানিয়াহু, মোজতাবাকে হুঁশিয়ারি

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের জনসমক্ষে এসে প্রতিপক্ষকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইরানকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমি সন্ত্রাসী সংগঠনের নেতাদের কাউকেই এই মুহূর্তে লাইফ ইন্স্যুরেন্স দেব না।”

নেতানিয়াহু দাবি করেন, ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যা ও ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং বাসিজ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইসরায়েল।  

“ইরান আর একই ইরান নেই, মধ্যপ্রাচ্যও একই মধ্যপ্রাচ্য নেই”-বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।   

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেইনি ও হিজবুল্লাহ বাহিনীর নেতা নাইম কাসেমের কথা জিজ্ঞেস করলে নেতানিয়াহু বলেন, “আমি সন্ত্রাসী সংগঠনের নেতাদের কাউকেই এই মুহূর্তে লাইফ ইন্স্যুরেন্স দেব না… তবে আমরা কী পরিকল্পনা করছি এবং কী করতে যাচ্ছি তা নিয়ে বিস্তারিত তথ্য আমি দেবো না।” মোজতাবা খামেইনিকে তিনি “রেভোল্যুশনারি গার্ডদের পুতুল” বলে আখ্যায়িত করেন। 

এ বছর জানুয়ারিতে রাস্তায় নেমে আন্দোলন করা ইরানি নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা আপনাদের পাশেই আছি। তবে দিনশেষে এটা আপনাদের নিজেদের হাতে।”

নেতানিয়াহু বলেন, ইরানের সাথে যুদ্ধ তার দেশকে অঞ্চলের অন্যান্য দেশের সাথে জোট গঠন করার সুযোগ দিয়েছে। 

“আমাদের কাজের বিস্তারিত কিছু আমি বলব না। আমরা (ইরানে) রেজিমের পতনের জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করছি, তবে আমি এ কথা মানা করব না - ইরানের জনগণ সরকারের পতন ঘটাবে এর কোনো নিশ্চয়তা নেই… তবে আমরা সাহায্য করতে পারি এবং আমরা সাহায্য করছি,” বলেন নেতানিয়াহু। 

তিনি আরও বলেন, “মানুষকে পানির সন্ধান দেয়া যায়, তবে জোর করে পানি খাওয়ানো যায় না।”