নিজেকে 'তরুণ' বললেন জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি বলেন, “আজকের এই সংসদে অনেক তরুণ সদস্য এখানে। আমি বয়সে একটু বেশি হলেও, আমিও তরুণ। আমার জীবনে এটা প্রথমে এই সংসদে ঢোকা। সুতরাং আমিও তরুণদের একজন।"
নব নির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে, স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে একজন "লড়াকু বীর মুক্তিযোদ্ধা" হিসেবে অভিহিত করে তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দেন বিরোধীদলীয় নেতা।
স্পিকারের কাছে নিরপেক্ষতা বজায় রাখার ও "জাতির কল্যাণে যে কথা বিরোধীদল বলতে চায়" তা বলতে দেয়ার আহ্বানও জানান তিনি।
বক্তব্যে জামায়াতে ইসলামীর আমীর বলেন, “আজকের এই সংসদ গতানুগতিক কোন সংসদ নয়। এটি চব্বিশের রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ।”
জীবনের প্রথম সংসদ অধিবেশন উল্লেখ করে তিনি বলেন, “অতীতে সংসদে জণগণের কল্যাণের আলোচনার পরিবর্তে মানুষের চরিত্রহননে বিপুল সময় ব্যয় হয়েছে।”
জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান ‘উই ওয়ান্ট জাস্টিস’ উচ্চারণ করে স্পিকারের কাছ থেকে 'ইনসাফ' আশা করেন বলে জানান শফিকুর রহমান।
এর আগে স্পিকার হিসেবে নির্বাচিত হন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ আর ডেপুটি স্পিকার নির্বাচিত হন বিএনপি'র সংসদ সদস্য কায়সার কামাল। তারপর স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।