ইসরায়েলে পালটা হামলা ইরানের

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে পালটা হামলা করেছে ইরান। ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েলের দিকে মিসাইল ও ড্রোন হামলা করেছে ইরান।

শনিবার ইরানের তেহরানে একাধিক স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ মিসাইল হামলার পর ইসরায়েলে পালটা হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম।

আল জাজিরার তথ্য অনুযায়ী, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে- কাতারের আকাশে ইরানের মিসাইল ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। 

এদিকে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও মিসাইল হামলা হয়েছে বলে জানানো হয়েছে।

ইরানের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, "এই আগ্রাসনের পর আর কোনো 'রেড লাইন' নেই, এখন এমন সবকিছুই সম্ভব যা আগে চিন্তা করা হয়নি।"

অন্যদিকে, কাতারে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের আসন্ন মিসাইলের ব্যাপারে সতর্ক করে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।