ভোট গ্রহণ প্রক্রিয়ায় বড় ধরনের কিছু হলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় অবস্থিত মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা) বৃহস্পতিবার সকালে ভোট দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের জামায়াত আমীর বলেন, “আমরা ছোটোখাটো কোনো বিষয় হলে অবশ্যই ইগনোর করব (এড়িয়ে যাব), কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দেব না।”
এমন কিছু হলে যা করা প্রয়োজন, তা-ই করবেন বলেও জানিয়েছেন জামায়াতে আমীর।
“ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানবো, অন্যদেরকেও মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য,” তিনি যোগ করেন।
জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, “এই ভোটের মাধ্যমে এমন সরকার গঠন হোক, যা কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, যা হবে ১৮ কোটি মানুষের। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশা করি। আজকে ভোট দিয়ে শুরু করলাম।”
জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনি ঐক্যের পক্ষ থেকে ঢাকা-১৫ আসনের প্রার্থী তিনি।