মালয়েশিয়ায় ক্রেনের নিচে চাপা পড়ে প্রাণ গেল একজন বাংলাদেশির

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ক্রেন দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। শহরের জালান পেরাক এলাকায় শুক্রবার রাতে ‘স্পাইডার লিফট’ ক্রেন ভেঙে পড়ে ৩২ বছর বয়সী ওই বাংলাদেশির মৃত্যু হয়। মালয়েশীয় সংবাদমাধ্যম মালায়মেইলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, রাত সাড়ে ১০টার দিকে সড়কের পাশে একটি ভবনের সাইনবোর্ড মেরামতের কাজ করার সময় ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে তাকে চাপা দেয়। পরে কুয়ালালামপুর হাসপাতালের এক সহকারী মেডিকেল কর্মকর্তা ঘটনাস্থলেই ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন। 

কুয়ালালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এসিপি জামজুরি মোহাম্মদ ইসা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, রিমোট কন্ট্রোলে চালিত ক্রেনটি ফুটপাতের কিনারায় ধাক্কা লেগে ভারসাম্য হারায়।

দুর্ঘটনার সময় দুইটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িগুলোর চালক ও যাত্রীরা অক্ষত রয়েছেন।

পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট ক্রেনটির মালিক ঠিকাদারি প্রতিষ্ঠানকে খুঁজে বের করার চেষ্টা করছেন তারা। কুয়ালালামপুর সিটি হলের কাজের অনুমোদন যাচাই এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহে তদন্ত চলছে।