রমজানে অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা

রমজানে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস পরিচালনার জন্য নতুন করে কর্মঘণ্টা ঠিক করা হয়েছে।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অফিস সময় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “উপদেষ্টা পরিষদের বৈঠকে রমজানের কর্মঘণ্টা সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা নির্ধারণ করা হয়েছে।”

এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে বলেও জানান তিনি।

তবে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ছাড়াও সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আসন্ন রমজানে নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে বলেও জানিয়েছেন প্রেস সচিব।

প্রসঙ্গত, রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি।