রমজানে ঢাকার ২৫ স্থানে সুলভ মূল্যে মিলবে দুধ, ডিম ও মাংস

আসন্ন রমজান মাসে সাধারণ মানুষের আমিষের চাহিদা মেটাতে এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। রমজান মাসজুড়ে ঢাকা শহরের ২৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার মুরগি বিক্রি করা হবে।

মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে, রবিবার ফেব্রুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই কর্মসূচি চূড়ান্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানের আগের দিন থেকে শুরু হয়ে ২৫ রমজান পর্যন্ত চলবে এই কার্যক্রম। সেখানে, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হবে ৬৫০ টাকায় আর ড্রেসড ব্রয়লার ২৪৫ টাকা। এ ছাড়া পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকায় বিক্রি হবে। প্রতি পিস ডিম পাওয়া যাবে ৮ টাকায়। ।

প্রাথমিকভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২৫টি স্থানে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে পণ্যগুলো বিক্রি করা হবে।

স্থানগুলোর হলো আব্দুল গনি রোড, খামারবাড়ি, মিরপুরের ৬০ ফিট রোড, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, বঙ্গবাজার, উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, আরামবাগ, কালশী, যাত্রাবাড়ীর মানিক নগর গলির মুখ, শাহজাদপুর, কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর, খিলগাঁও রেল ক্রসিং, নাখালপাড়া, সেগুনবাগিচা, মোহাম্মদপুরের বাবর রোড, বসিলা, কাকরাইল, বনশ্রী, মিরপুর ১০, কল্যাণপুর এবং তেজগাঁও।

প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কর্মকর্তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দেশের অন্যান্য বিভাগীয় ও জেলা শহরেও বাজার পরিস্থিতি বিবেচনায় এই কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। জনগণের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে বিক্রয় কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ মানুষের নাগালে মানসম্মত খাদ্যপণ্য পৌঁছে দিতে এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এই পদক্ষেপ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।