নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে একটি ছবির স্ক্রিনশট পোস্ট করে এই দাবি করেন তিনি।
ট্রাম্পের পোস্ট করা ছবিটি দেখতে উইকিপিডিয়া পেজের মতো। ছবির নিচে পদবি হিসেবে লেখা ছিল ‘অ্যাক্টিং প্রেসিডেন্ট অব ভেনেজুয়েলা’, ‘ইনকামবেন্ট জানুয়ারি ২০২৬’ অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি থেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তিনি।
উইকিপিডিয়া পেজের আদলে তৈরি ওই ছবিতে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ৪৫তম এবং ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়েছে, যিনি ২০ জানুয়ারি ২০২৫ থেকে দায়িত্ব পালন করছেন এবং জেডি ভ্যান্স তার ভাইস প্রেসিডেন্ট।
জানুয়ারি মাসের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ‘ডেল্টা ফোর্স’ অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছিল। বিচারের কারণ দেখিয়ে তাদের নিয়ে আসা হয় নিউ ইয়র্কে।
এই অভিযান চালানোর আগে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন নেননি, যার কারণে ডেমোক্রেট ও রিপাবলিক উভয় দল থেকেই তীব্র সমালোচনার ঝড় জোয়ার উঠে।
এই ঘটনার পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। যদিও মাদুরোকে আটক করার পর ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে ভেনেজুয়েলার পরিচালনার দায়ভার যুক্তরাষ্ট্রই নিবে।
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর আগেই তিনি বড় বড় তেল কোম্পানিগুলোকে এই পরিকল্পনা সম্পর্কে আভাস দিয়েছিলেন।
গত সপ্তাহে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন যে, তিনি ভেনেজুয়েলায় নির্বাচন হতে দেবেন, তবে তা এখনই নয়। নির্বাচনের আগে ভেনেজুয়েলার তেলের অবকাঠামোকে পুনর্গঠন করতে হবে বলে জানান তিনি।
হোয়াইট হাউসের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যার মাধ্যমে ভেনেজুয়েলার তেলের রাজস্ব মার্কিন ট্রেজারি অ্যাকাউন্টে সুরক্ষিত রাখার জন্য ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে।
আর এবার নিজেকেই প্রেসিডেন্ট ঘোষণা করে বসলেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে ভেনেজুয়েলা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।