চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত হওয়া চারজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঘন কুয়াশার মধ্যে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে চাঁদপুর নৌ পুলিশের একজন কর্মকর্তা।
“আমাদের কাছে তথ্য আছে, কমপক্ষে ৬ জনের বেশি মারা গেছেন। এখন পর্যন্ত নিহত চারজনের পরিচয় পাওয়া গেছে,” বলেছেন চাঁদপুর নৌ পুলিশের উপপরিদর্শক আবুল হাশেম।
নিহতরা হলেন- আব্দুল গনি (৩৮), মো. সাজু (৪৫), মো. হানিফ (৬০) ও মোসা. রিনা (৩৫)। আহতরা হলেন- মো. শাহাদত, মোহাম্মদ মিনা ও মোছা. রহিমা।
উপপরিদর্শক হাশেম বলেন, উদ্ধার কাজ চলমান আছে এবং এটা শেষ হওয়ার পর আমরা বিস্তারিত জানতে পারবো।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা থেকে ঢাকাগামী ‘এমভি জাকির সম্রাট’ এবং বরিশাল থেকে ঢাকামুখী ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’-এর মুখোমুখি সংঘর্ষ হয়।
অতিরিক্ত কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না বলে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।