বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান, নিয়োগ পেলেন তিন নতুন কমিশনার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান। একই সঙ্গে কমিশনের তিন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ-আল-তারিককে।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী মাসুদ খানকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। তার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

মাসুদ খান বর্তমানে ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রুপ সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর আগে বিএসইসির চেয়ারম্যান পদ থেকে খন্দকার রাশেদ মাকসুদ এবং চার কমিশনার মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বিএসইসি।

তাদের পদত্যাগের পর নতুন নিয়োগের মধ্য দিয়ে নেতৃত্বে পুনর্গঠন করলো বাংলাদেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটি।