পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন।

সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একজন কর্মকর্তা। 

রাঙ্গামাটি থেকে নির্বাচিত বিএনপি'র এই সংসদ সদস্য পদত্যাগের কারণ হিসেবে শারীরিক জটিলতার কথা বলেছেন।

পদত্যাগপত্রে বলা হয়, “দায়িত্ব গ্রহণের পর হতে আমি শারীরিক নানা জটিলতায় ভুগছি। আমার শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাধিক সমস্যা তৈরি হচ্ছে।

“বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে আমার বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করছি।”

গেল জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র জয়ের পর, ১৭ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা গঠন করা হলে,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান দীপেন দেওয়ান। সাড়ে তিন মাসের মাথায় পদত্যাগ করলেন তিনি।

২০০৫ সালে যুগ্ম জেলা জজের চাকরি ছেড়ে দীপেন দেওয়ান বিএনপিতে যোগ দেন। তার বাবা সুবিমল দেওয়ান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতিবিষয়ক উপদেষ্টা ছিলেন।

২০১০ সালে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হন দীপেন। আর ২০১৬ সাল থেকে তিনি কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সহসম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

গেল ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে প্রথমবারের মত ভোটের মাঠে নামেন দীপেন দেওয়ান। জাতীয় সংসদের রাঙ্গামাটি আসনে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীকে দেড় লাখের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে তিনি প্রথমবারেই সংসদ সদস্য নির্বাচিত হন।