মিয়ানমারের বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শান প্রদেশের একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
তা'আং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) বরাতে এএফপি জানিয়েছে, রবিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নামখাম টাউনশিপের কাউং টাট গ্রামে এই ‘দুর্ঘটনাজনিত বিস্ফোরণ’ ঘটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন। তবে হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।
বিস্ফোরণের পরপরই গ্রামটির ওপর দিয়ে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।
টিএনএলএ দাবি করেছে, খনির কাজে ব্যবহারের জন্য মজুত রাখা উপকরণের আকস্মিক বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে।
চীন সীমান্তসংলগ্ন গ্রামটি বর্তমানে টিএনএলএ-র নিয়ন্ত্রণে রয়েছে। এক বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে, বিস্ফোরণে বহু গ্রামবাসী নিহত ও আহত হয়েছেন এবং অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে বিস্ফোরণের ফলে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে, চারপাশে ভবন ভেঙে পড়েছে, পোড়া ধ্বংসাবশেষ এবং ধোঁয়া ওঠা গাছপালা ছড়িয়ে রয়েছে।
স্থানীয় এক বাসিন্দা সামাজিক মাধ্যমে লিখেছেন, প্রথম দিকে অনেকেই ধারণা করেছিলের এটি কোনো বিমান হামলা হবে।
টিএনএলএ মায়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করা অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী। অর্থায়নের জন্য এই সশস্ত্র গোষ্ঠী খনিজ সম্পদ উত্তোলনের ওপর নির্ভরশীল। তবে নিরাপত্তা ঘাটতি ও দুর্বল ব্যবস্থাপনার কারণে এসব খনিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।