গণমাধ্যম ব্যবস্থাপনায় বিদ্যমান অরাজকতা দূর করতে মিডিয়া কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। জুন মাসের মধ্যে এই সংক্রান্ত একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার সকালে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।
মন্ত্রী জানিয়েছেন, জুন মাসের মধ্যে কমিটি গঠন করে জুলাই মাসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া হবে।
বিগত সরকারের উদাসীনতার কারণে দেশে হামের বিস্তার ঘটেছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন ,বর্তমান সরকারকে এর খেসারত দিতে হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেছে। পাশাপাশি শিগগিরই হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। এখন পর্যন্ত ৫৩ হাজার ৯৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে।
জ্বালানি তেলের বিষয়ে তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও দেশের বাজারে তা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে।
বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে বলে নিশ্চিত করেন তিনি।