দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তা, পরিবর্তিত বৈশ্বিক শক্তির ভারসাম্য এবং আঞ্চলিক সহযোগিতার নতুন বাস্তবতা নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে আজ। “১ম সিএফএস ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ন্যাশনাল সিকিউরিটি ইন সাউথ এশিয়া অ্যামিড দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার” শীর্ষক এ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিভাগের অন্তর্ভুক্ত সেন্টার ফর ফিউচার স্টাডিজ (সিএফএস)।
মঙ্গলবার থেকে শুরু হওয়া এ সম্মেলনটি শেষ হবে বুধবার, যেখানে দেশ-বিদেশের গবেষক, নীতিনির্ধারক, নিরাপত্তা বিশ্লেষক, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ, পরিবর্তিত বৈশ্বিক শক্তির প্রভাব মূল্যায়ন, প্রমাণভিত্তিক নীতিগত সংলাপ এগিয়ে নেওয়া এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের পথ খুঁজে বের করাই সম্মেলনটির মূল লক্ষ্য।
ভবিষ্যতমুখী গবেষণা, নিরাপত্তা, ভূরাজনীতি, সংঘাত নিরসন, গণমাধ্যম ও আইনবিষয়ক নীতিনির্ধারণী চিন্তা বিকাশে কাজ করছে আয়োজক প্রতিষ্ঠান সেন্টার ফর ফিউচার স্টাডিজ (সিএফএস)। গবেষণা, সেমিনার, সম্মেলন ও একাডেমিক সহযোগিতার মাধ্যমে তরুণ গবেষক, নীতিনির্ধারক ও পেশাজীবীদের মধ্যে জ্ঞানভিত্তিক সংযোগ তৈরিই তাদের অন্যতম উদ্দেশ্য।
সম্মেলনের প্রথম দিনের উদ্বোধনী অধিবেশনের প্রতিপাদ্য হলো “পরিবর্তিত বৈশ্বিক ব্যবস্থায় দক্ষিণ এশিয়ায় জাতীয় নিরাপত্তার পুনঃসংজ্ঞায়ন”। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নেপাল ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড এনগেজমেন্ট (এনআইআইসিই)-এর পরিচালক ড. প্রমোদ জয়সওয়াল। আলোচক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. রাশেদুজ্জামান, বিইউপি’র সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান এবং বিআইআইএসএস/বিআইআর-২১-এর সহকারী গবেষক নাজমুল ইসলাম মাহমুদ। অধিবেশনটি মডারেটর হিসেবে রয়েছেন সেন্টার ফর অল্টারনেটিভস-এর পরিচালক ড. ইমতিয়াজ আহমেদ।
আয়োজকরা জানিয়েছেন, পুরো আয়োজন জুড়ে প্রযুক্তি, জ্বালানি রূপান্তর, ভূ-অর্থনীতি, অভিবাসন, তথ্য বিশৃঙ্খলা ও বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস কীভাবে দক্ষিণ এশিয়ার নিরাপত্তাকে প্রভাবিত করছে তা নিয়ে বিস্তৃত আলোচনা হবে।
আয়োজনটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।