ভিসা অনিশ্চয়তা নিয়েই যুক্তরাষ্ট্র যাচ্ছে ইরানের ফুটবলাররা, হাজারো মানুষের বিদায়

ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছে ইরান। বুধবার তেহরানের ইনকিলাব স্কয়ার থেকে তাদের বিদায় জানায় ইরানের ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)। তবে যুদ্ধবস্থায় থাকায় তাদের সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, সেদিন ফুটবলারদের বিদায় জানাতে উপস্থিত হয় হাজারো সমর্থক।  

অনুষ্ঠানে খেলোয়াড়রা মঞ্চে উঠে দেশাত্মবোধক বক্তব্য দেন। সমর্থকরা করতালির মাধ্যমে তাদের স্বাগত জানায়। সে সময় ২০২৬ বিশ্বকাপের জন্য ইরানের নতুন কিটও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

ইরান থেকে দলটি প্রথমে তুরস্কে প্রস্তুতি ক্যাম্প করবে। সেখান থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা রয়েছে তাদের।

ইরান ফুটবল ফেডারেশন সভাপতি মেহদি তাজ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, গত কয়েকটি বিশ্বকাপের তুলনায় এবারের বিদায় অনুষ্ঠান ছিল সবচেয়ে সফল।

তিনি বলেন, খেলোয়াড়রা দেশের মর্যাদা ও সম্মানের প্রতিনিধিত্ব করছেন এবং ফলাফল যাই হোক, জাতীয় পতাকা অক্ষুণ্ন রাখাই মূল লক্ষ্য।

তবে আসন্ন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোকে ঘিরে ভিসা ও নিরাপত্তা ইস্যু নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা এবং ভিসা নীতির কারণে দলের কিছু সদস্যের প্রবেশ অনুমতি নিয়ে প্রশ্ন উঠেছে।

এফএফআইআরআই-এর মহাসচিব হেদায়াত মোমবেইনি জানান, এখনো ভিসা সংক্রান্ত চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তারা আশা করছেন সময়মতো সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং দল নির্ধারিত সময়ে অংশ নিতে পারবে।

ফুটবল ফেডারেশন আরও জানিয়েছে, পুরো ভিসা ও যাত্রা প্রক্রিয়া তারা ফিফা-এর ওপর নির্ভর করে পরিচালনা করছে।