জুলাই অভ্যুত্থান হামলাসহ পাঁচ মামলায় সাংবাদিক গ্রেপ্তার

সাংবাদিক জিতেন বড়ুয়াকে খাগড়াছড়িতে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কিসলু জানিয়েছেন, জীতেন বড়ুয়ার বিরুদ্ধে ভিন্ন ভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে একটি ৪ঠা অগাস্ট জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা ও বাকি চারটি আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের মারামারির ঘটনায় করা হয়েছে।

তিনি আরও জানান, সবগুলো মামলাই ৫ই অগাস্টের পর করা হয়েছে।

জিতেন বড়ুয়া বাংলাদেশ সংবাদ সংস্থা ও সময় টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি। তিনি খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতিও ছিলেন।

ওসি মো. কিসলু জানিয়েছেন, দীর্ঘসময় ধরে আত্মগোপনে থাকার পর পুলিশ গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার পর রাতেই তাকে কোর্টে চালান করা হয়েছে বলে আলাপ-কে নিশ্চিত করেছেন ওসি।