সাইবার হামলায় বিশ্বজুড়ে অচল ৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বজুড়ে বড় ধরনের সাইবার হামলায় অচল হয়ে পড়েছে প্রায় ৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইন সিস্টেম। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার বহু বিশ্ববিদ্যালয় ও স্কুলে পরীক্ষার সময় শিক্ষার্থীদের স্ক্রিনে ভেসে ওঠে মুক্তিপণের বার্তা। এতে হঠাৎ বন্ধ হয়ে যায় জনপ্রিয় শিক্ষা প্ল্যাটফর্ম ক্য্যানভাস। বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এই সাইবার হামলার দায় স্বীকার করেছে হ্যাকার গ্রুপ ‘শাইনি হান্টার্স’।

ক্যানভাসের মালিক প্রতিষ্ঠান ‘ইন্সট্রাকচার’’ বৃহস্পতিবার রাতে জানান, বেশিরভাগ ব্যবহারকারীর জন্য এই সেবা আবার চালু করা হয়েছে। তবে শুক্রবারও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই সমস্যা দেখা গেছে।

এই ঘটনার পর মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি শুক্রবারের তাদের চূড়ান্ত পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা যেন হারিয়ে যাওয়া কাজ ঠিক করার সুযোগ পায়, সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির আবহাওয়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অড্রি পামার বিবিসিকে জানান, তিনি প্রায় ২ হাজার ৯০০ শব্দের পরীক্ষার লেখা শেষ করেছিলেন। ঠিক তখনই হঠাৎ তার স্ক্রিনে মুক্তিপণের একটি বার্তা ভেসে ওঠে। সেখানে লেখা ছিল, “শাইনি হান্টার্স আবারও ইন্সট্রাকচারের সিস্টেমে ঢুকেছে।”

বার্তাটিতে হুমকি দেওয়া হয়, বিটকয়েনে মুক্তিপণ না দিলে চুরি করা তথ্য ফাঁস করে দেওয়া হবে। পামার বলেন, প্রথমে তার মনে হয়েছিল নিজের কম্পিউটারই হ্যাক হয়েছে, কারণ পুরো বিষয়টি সেভাবেই দেখা যাচ্ছিল। পরে মুক্তিপণের বার্তাটি পড়ে তিনি বুঝতে পারেন, আসলে ক্যানভাস হ্যাক হয়েছে।

তিনি আরও জানান, তখন তিনি শিক্ষক ও অনেক সহপাঠীর সঙ্গে ছিলেন। কিছুক্ষণের মধ্যেই সবাই বুঝতে পারেন তাদের সবার স্ক্রিনেই একই বার্তা এসেছে। এরপর শিক্ষার্থীদের মধ্যে দ্রুত হতাশা ছড়িয়ে পড়ে।

পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইমেইলের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত তথ্য জানাতে শুরু করে। পাশাপাশি পরীক্ষার নতুন সময় ঘোষণা এবং সন্দেহজনক বার্তা এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়টি ঘটনাটিকে “দেশজুড়ে নিরাপত্তা সংকট” হিসেবে উল্লেখ করেছে।

অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় শুক্রবার শিক্ষার্থীদের জানায়, ক্যানভাস সিস্টেম ব্যবহার করা যাচ্ছে না। তাই শিক্ষার্থীদের এতে লগইন না করার নির্দেশ দেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়টি আরও জানায়, এই সমস্যার বিষয়ে তারা এখনো সফটওয়্যার কোম্পানি ইন্সট্রাকচার-এর পরামর্শের অপেক্ষায় আছে।

এদিকে যুক্তরাষ্ট্রের আইডাহো স্টেট বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার জানায়, দুপুর ১২টার পরের সব পরীক্ষা বাতিল করা হয়েছে।

পেন স্টেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জানায়, ক্যানভাসে কারও প্রবেশাধিকার নেই এবং সমস্যা ২৪ ঘণ্টার মধ্যেও সমাধান হওয়ার সম্ভাবনা কম এবং তারা কয়েকটি পরীক্ষাও বাতিল করেছে।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় জানায়, তাদের সিস্টেমও এই সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিক্ষার্থীদের লগআউট করার পরামর্শ দেওয়া হয়েছে।

টরন্টো বিশ্ববিদ্যালয় নিশ্চিত করেছে যে একাধিক বিশ্ববিদ্যালয় একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেস এর শিক্ষার্থীরা এর কারণে অ্যাসাইনমেন্ট জমা দিতে সমস্যায় পড়েন।

অন্যদিকে, শিকাগো বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে তাদের ক্যানভাস পেজ বন্ধ করে দেয়।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা তাদের পড়াশোনা ও পরীক্ষা শেষ করতে পারছেন না। পাশাপাশি তথ্য ফাঁসের আশঙ্কাও তৈরি হয়েছে, যা তাদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।