যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুন হওয়া বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে।
শনিবার সকালে বৃষ্টির মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। বিমানবন্দরে এ সময় বৃষ্টির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার রাতে মরদেহবাহী বিমান ঢাকার উদ্দেশে রওনা দেয়। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ট্রানজিট ও ফ্লাইট পরিবর্তনের পর ইকে-০৫৮২ ফ্লাইটে মরদেহটি শনিবার সকালে ঢাকায় পৌঁছায়।
নিহত বৃষ্টি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। একই ঘটনায় নিহত হন আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। তিনি ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। তার মরদেহ গত ৪ই মে ঢাকায় আসে।
গত ১৬ই এপ্রিল নিখোঁজ হওয়ার পর তদন্তে জানা যায়, তার দুজনই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ।