লাফিয়ে বাড়ছে সোনার দাম, ৯ দিনে ভরিতে বেড়েছে ১৩,১৮০ টাকা

দুই মাসের বেশি সময় পর আবারও বাংলাদেশে ২২ ক্যারেটের এক গ্রাম সোনার দাম ২০ হাজার টাকা ছাড়িয়েছে। সর্বশেষ গত ৫ই জুন প্রতি গ্রাম সোনার দাম ২০ হাজার টাকার ওপরে ছিল। এরপর ৬৪ দিন পর, আজ ৮ই অগাস্ট আবারও সেই সীমা ছাড়িয়েছে দাম।

শনিবার ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ২০ হাজার ৬৫ টাকা।

দীর্ঘ দিন একটি নির্দিষ্ট সীমার মধ্য থাকলেও গত কয়েক দিন ধরেই দ্রুত বাড়ছে সোনার দর।

মাত্র ৯ দিনে প্রতি গ্রাম সোনার দাম বেড়েছে ১ হাজার ১৩০ টাকা। অর্থাৎ এই সময়ে এক ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম সোনার দাম বেড়েছে প্রায় ১৩ হাজার ১৮০ টাকা।

আর এক দিনের ব্যবধানেই বেড়েছে বড় অঙ্কের টাকা। শুক্রবারের তুলনায় শনিবার প্রতি ভরি সোনার দাম বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা।

দেশের বাজারে সোনার এই নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। শুক্রবার এই দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২৬৬ টাকায় বিক্রি হচ্ছে।

সোনার সবচেয়ে বড় লাফ দেখা গেছে শেষ দুই দিনে। ৬ আগস্ট প্রতি ভরিতে সর্বোচ্চ ৯ হাজার ৮৫৬ টাকা বাড়ানোর পর ৭ই অগাস্টই আবার সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। আর এক দিন পরই নতুন করে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হলো দাম। অর্থৎ তিন দিনের ব্যবধানে দাম বাড়লো ১০ হাজার ৯৬৪ টাকা।

কেন বাড়ছে দাম

বাজুস বলেছে, তাদের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দেশের স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। 

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহ ধরেই আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে সোনার দাম।

গত এক সপ্তাহে সোনার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে ৭ শতাংশের বেশি।

৭ই অগাস্ট স্পট সোনা ২ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ট্রয় আউন্স উঠে যায় ৪,৩৩৬.০২ ডলারে। পুরো সপ্তাহে দাম ৭ শতাংশের বেশি বেড়েছে, যা জানুয়ারির পর সবচেয়ে শক্তিশালী সাপ্তাহিক বৃদ্ধি।

এক ট্রয় আউন্স হলো ৩১ দশমিক ১০৩৪ গ্রাম বা প্রায় ২ দশমিক ৬৬ ভরি।

এর পেছনে যুক্তরাষ্ট্রের দুর্বল চাকরির তথ্য এবং ফেডের সুদ বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়াকে বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সাধারণত সুদ কমার সম্ভাবনা বাড়লে বন্ড বা ব্যাংক আমানতের মতো সুদভিত্তিক বিনিয়োগের আকর্ষণ কমে যায়। তখন বিনিয়োগকারীরা সোনার দিকে বেশি ঝোঁকে।