বিরোধিতার জন্য বিরোধিতা নয়, যুক্তিতর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করে তুলতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি বলেন, “বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং শাণিত যুক্তিতর্কের মাধ্যমে সংসদ কে প্রাণবন্ত করে তুলতে চাই।”
বক্তব্যের শুরুতে নবনির্বাচিত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আজ থেকে আপনারা আর কোন দলের নন। সংসদের নির্বাচিত প্রত্যেক সদস্য আপনাদের চোখে সমান, আপনারা এই সংসদের অভিভাবক।”
সংসদকে কার্যকর ও মর্যাদা ফিরিয়ে আনার গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “মহান জাতীয় সংসদ কে মানুষের অধিকার লুন্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল। বিগত দেড় দশকে যারা নিজেকে এমপি পরিচয় দিয়েছিল তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিল না।”
“আজ এই সংসদে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদ। আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ।” বলেন তিনি।