‘পক্ষপাতদুষ্ট আচরণের’ অভিযোগ তুলে রবিবার সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়েছে বিএনপি’র অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।
কমিশনের বিরুদ্ধে তিনটি অভিযোগ নিয়ে ঢাকার আগারগাঁওয়ে এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
একাধিক অভিযোগ থাকলেও মূল ইস্যু ব্যালট পেপার বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন রাকিব।
“আমরা তো বললাম যে আজকের মূল যে ইস্যু হলো ব্যালট পেপার ইস্যু, যেটি আমরা লক্ষ্য করলাম যে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব প্রতিপত্তির মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে এবং যারা এখানে বসে আছে, তাদের অবশ্যই প্রত্যক্ষ ইন্ধনে এবং প্রত্যক্ষ মদদে এই ঘটনাটি ঘটেছে।
“তো যদিও তারা হয়তোবা সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে আমরা জেনেছি মিডিয়ার মাধ্যমে, আমরা অবগত নই।”
অনলাইনে ছড়িয়ে পড়া প্রবাসীদের পোস্টাল ব্যালটের ভিডিও আর তাতে প্রতীক বিন্যাস নিয়ে গত সপ্তাহেই বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটি কমিশনের কাছে তাদের উদ্বেগের কথা জানিয়ে এসেছে।
পর্যবেক্ষক ও বিশ্লেষকরা বলেছেন ব্যালট পেপারের এই ঘটনায় ভোটারদের মাঝে পুরো ব্যবস্থার উপর এক ধরনের ‘আস্থাহীনতা’ তৈরি হবে। তাদের মতে প্রথমবারের মতো এতগুলো দেশে এই ব্যবস্থা চালু না করে কয়েকটি দেশে পরীক্ষামূলক ভাবে করলে ত্রুটি কমিয়ে আনা যেত।
‘ভিডিও কইরেন না’
ব্যালট পেপার নিয়ে বিতর্কের শুরুটা পোস্টাল ব্যালট নিয়ে। অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে একটি ঘরে কয়েকজন মিলে অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন; খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের।
দেশের ভেতর ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা আগে থেকেই চালু থাকলেও প্রথমবারের মতো এবার প্রবাসী ভোটারদের জন্য এই ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
একটি ভিডিওতে একজনকে বলতে দেখা গেছে, “আপনারা এখান থেকে যেগুলা আছে, সব লইয়া যানগা। আমরার দরকার নাই। ভিডিও কইরেন না। ফেসবুকে ছাড়িয়েন না।”
আরও একটি কণ্ঠে শোনা যায়, “একাধিকজন ভিডিও করলে তা ফেসবুকে ছড়িয়ে যাবে। তখন ভাবমূর্তির ক্ষতি হবে। বাহরাইনে প্রবাসীদের দেওয়া পোস্টাল ব্যালটে ভোট বন্ধ হয়ে যেতে পারে।“
বাহরাইনের এই ভিডিও ছাড়াও কাতারে একজনের বাসায় বেশ কিছু ব্যালটের খাম বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে।
নির্বাচন কমিশন বলছে এমন তিনটি ভিডিও তারা পেয়েছেন তবে কোথাও নিয়মের কোন ব্যতয় ঘটেনি।
“এরকম আমরা তিনটি জায়গার ভিডিও ‘এভিডেন্স’ পেয়েছি, কিন্তু এই এভিডেন্সের কোথাও কোনো ব্যত্যয় হয়েছে বলে এখন পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি,” বৃহস্পতিবার গণমাধ্যমকে এই কথা বলেছেন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বাহরাইনের ভিডিও ছাড়াও ইসি’র নজরে ওমান ও কুয়েত থেকে একইরকম ভিডিও নজরে এসেছে জানিয়ে তিনি বলেন কোনরকম জালিয়াতি বা অনিয়মের ঘটনা ঘটলে ‘ছাড় দেওয়া হবে না’।
তার আগের দিন সাংবাদিকদের ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, বাহরাইনের ভিডিওটি ‘আনন্দ ধরে রাখতে’ করা হয়েছে তবে এ ধরনের ভিডিও করা ‘উচিত হয়নি।’
সেদিনই ইসির তরফ থেকে বাহরাইনের ভিডিও নিয়ে লিখিত ব্যাখ্যা দেওয়া হয় যেখানে বলা হয়েছে কোন ধরনের গোপনীয়তা লঙ্ঘন হয়নি।
গোপনীয়তা লঙ্ঘন হয়নি: ইসি
বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিওটির ব্যাপারে ইসির তরফ থেকে লিখিত ব্যাখ্যা দেওয়া হয়েছে।
কমিশন বলছে বাহরাইনের ডাক বিভাগের পোস্টম্যান কর্মস্থলে থাকা কিছু প্রবাসীর কাছে তাদের ব্যালট পৌঁছানোর জন্য যোগাযোগ করলে তারা একই এলাকায় থাকা তাদের সহকর্মীদের কাছে তা দিয়ে যেতে বলে।
“পোস্টম্যান উক্ত ব্যক্তির কাছে একই এলাকায় বসবাসরত ১৬০টি ব্যালট খাম বিতরণের জন্য হস্তান্তর করেন। পরবর্তীতে ভোটারদের নিকট হস্তান্তরের জন্য বাছাইকালে উক্ত ভিডিওটি ধারণ করা হয়। বিষয়টি বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের নজরে এলে বাহরাইন পোস্ট ও সংশ্লিষ্ট বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করা হয়”, ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ইসি জানিয়েছে, সেই বাংলাদেশি তা বিলি না করে ১২৯টি খাম নিয়ে দূতাবাসে এসে বিতরণের জন্য সাহায্য চায়।
“দূতাবাসের নির্দেশনা অনুযায়ী খামসমূহ বাহরাইন পোস্ট ফেরত নিয়ে সংশ্লিষ্ট ভোটারদের নিকট আলাদাভাবে বিতরণের জরুরি ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দেয়। এ ঘটনায় সংশ্লিষ্ট বাংলাদেশির মাধ্যমে কোনো খামই খোলা হয়নি এবং তথ্যের গোপনীয়তা লঙ্ঘন হয়নি।”
পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাস
পোস্টাল ব্যালটে নিজেদের প্রতীকের অবস্থান নিয়ে আপত্তি রয়েছে বিএনপি’র।
দলটির দাবি, ‘বিশেষ কিছু দলকে সুবিধা’ দেওয়ার জন্য দাঁড়িপাল্লা, হাতপাখা ও শাপলা কলি প্রতীকগুলো পোস্টাল ব্যালটের প্রথম সারিতে রাখা হয়েছে।
“পোস্টাল ব্যালটের ভোট যেন কোনো কায়দাকানুনে বিশেষ গোষ্ঠীর কাছে না যায় সেটা দেখার দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের। কিন্তু নির্বাচন কমিশন এমনভাবে ছাপিয়েছে, যাতে ধানের শীষ শেষ লাইনে আছে। এটা ভাঁজ করলে ঠিক থাকে না,” বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
এর আগে সেদিনই তার নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিএনপি’র প্রতিনিধি দল ব্যালট পেপার নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়ে আসে।
“পোস্টাল ব্যালট পেপার যারা ডিজাইন করেছেন, তারা নৈতিকভাবে অন্যায় করেছেন। এ জন্য আমরা তীব্র ক্ষোভ বা প্রতিবাদ করছি না, তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি করছি,” সংবাদ সম্মেলনে বলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
‘আস্থাহীনতা তৈরি হবে’
একজন মানুষের কাছে অনেক ব্যালট পেপার দেখা গেলে পুরো ব্যবস্থার উপর আস্থাহীনতা তৈরি হবে বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম।
“ভোট একটা সিক্রেট ব্যাপার, মোস্ট সিক্রেট। এখন যখন ভোটাররা একজনের হাতে এতগুলো ব্যালট পেপার দেখবে তখন তো মিসট্রাস্ট গ্রো করবে পুরো ব্যবস্থার উপর,“ আলাপ-কে বলেন তিনি।
তাছাড়া প্রবাসীদের ‘মিসগাইড’ করে ভোট জালিয়াতির একটা সম্ভাবনা থেকে যায় বলে মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ।
প্রবাসে ব্যালট পেপার নিয়ে এই ঘটনার ভালোভাবে তদন্ত হওয়া উচিৎ মন্তব্য করে তিনি বলেন,”এখন সেই লোক যার যার ব্যালট তাকে বুঝিয়ে দিয়েছে না নিয়ে গেছে কি না, সেই বিষয়টি তদন্ত করে দেখা উচিৎ নির্বাচন কমিশনের।
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদও নির্বাচন কমিশনকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।
"অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কমিশনের জন্য ভোটারদের আস্থা ধরে রাখা খুবই জরুরি। এই ধরনের ঘটনা ভোটের প্রতি মানুষের সন্দেহ তৈরি করতে পারে," তিনি বলেন।
নির্বাচন সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিমের মতে নির্বাচন কমিশন প্রথমবারেই অনেকগুলো দেশে এই ব্যবস্থা চালু করার কারণে ত্রুটি দেখা দিয়েছে।
“বরং দরকার ছিল, কয়েকটি দেশে পরীক্ষামূলক ভাবে চালু করে নিবিড়ভাবে মনিটরিং করা যাতে ত্রুটি কমিয়ে আনা যায়। ‘ট্রায়াল এন্ড এরর’ প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে এগুলো ব্যাপার কমে আসতো।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন 'পোস্টাল ভোট বিডি' অ্যাপে নিবন্ধন করেছেন। যার মধ্যে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় আট লাখ।
এখন পর্যন্ত ৭৫টি দেশে পাঁচ লাখ ৮১ হাজার ৬৮৯ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে কমিশন।