রাঙামাটির সাজেকে পর্যটক ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। এসময় সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যরা স্থানীয় বাসিন্দাদের মানবঢাল বানিয়ে সড়ক অবরোধ করে। এতে সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পর্যটকেরা আটকা পড়েন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একইদিন সকালে পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দিতে সেনাবাহিনী ও পুলিশ কাজ শুরু করে। এ সময় নিরাপত্তা বাহিনী অবরোধকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।
একপর্যায়ে অবরোধকারীরা পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বলে জানায় আইএসপিআর।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করা হয়। পরে সকাল ১১টার দিকে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা নিরাপত্তা বাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে আনুমানিক ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি ছোড়ে।
পরবর্তীতে আত্মরক্ষা ও পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আইএসপিআর আরও জানায়, ইউপিডিএফের করা অবরোধ ও সহিংসতার ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।