সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, তদন্তের দাবি আইএফজের

নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ।ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) আলিফ হত্যার দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে তারা এ দাবি জানায়। 

বিবৃতিতে বলা হয়, ১৫ই অক্টোবর রাত ৮টায় নেত্রকোনা জেলার কলমাকান্দা পৌরসভার উত্তরাইল বাজারে একটি দোকানে বসে ছিলেন আলিফ। এ সময় অজ্ঞাত দুইজন মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৫ সালের নভেম্বরে তাকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়েছিল। তবে ওই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা যায়নি।

আইএফজে ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। আইএফজের মহাসচিব অ্যান্থনি বেলাঞ্জার বলেন, এ হত্যাকাণ্ড সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর ভয়াবহ আঘাত। বাংলাদেশে সাংবাদিকদের ওপর হওয়া অপরাধের ক্ষেত্রে এক ধরনের ‘দায়মুক্তির প্রবণতা’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিক আলিফ বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেইজে দুর্নীতি, অনিয়ম ও অপরাধ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতেন। হত্যাকাণ্ডের আগের সপ্তাহে মাদক পাচার ও স্থানীয় চোরাচালান চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিলেন তিনি। 

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস-এর বরাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানিয়েছেন, আলিফের ঘাড়, মাথা ও বুকে অন্তত তিনটি গুলির আঘাত ছিলো। হত্যার কারণ ও হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে বলেও জানান ওসি।