ন্যূনতম মজুরির সিদ্ধান্তের পরও শ্রমিক অসন্তোষ, গাজীপুরে সংঘর্ষে ১১ পুলিশ-আনসার আহত

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ২৫এ নভেম্বর বুধবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১০ পিএম

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তের পরও শ্রমিক অসন্তোষ থামেনি। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ২৫এ নভেম্বর বুধবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই দাবিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা।

গাজীপুরের নাওজোড়, ছয়দানা, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, সালনা, ভবানীপুর ও বাঘের বাজার এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হলেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধের খবর পাওয়া গেছে।

শ্রমিকদের অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি এলাকায় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।

শ্রীপুরে চার কারখানায় হামলা

গাজীপুরের শ্রীপুরে চারটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে দক্ষিণ ভাংনাহাটি ও কেওয়া পূর্বখণ্ড এলাকায় হ্যামস গার্মেন্টস, ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং, লাক্সমা ইনার ওয়্যার এবং ক্রিস্টাল মার্টিন অ্যাপারেলস কারখানায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের গণমাধ্যমে জানিয়েছেন, একদল শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কারখানাগুলোতে প্রবেশ করে প্রশাসনিক ভবন ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান। কয়েকটি কারখানার ফটকে তিন দিনের ছুটির নোটিশ টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

সাভারেও উত্তেজনা, কারখানা বন্ধ

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও শ্রমিক অসন্তোষ অব্যাহত আছে। সকালে হেমায়েতপুরে শ্রমিকদের একটি অংশ সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একেএইচ গ্রুপের একটি কারখানার ফটক ও কাচ ভাঙচুর করা হয়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে আজ সাভার ও আশুলিয়ায় শ্রম আইনের ১৩(১) ধারায় ২২টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া ১০টি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন এবং ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্য কারণে আরও দুটি কারখানা বন্ধ রয়েছে।

সাভার মডেল থানার পুলিশ জানিয়েছে, শ্রমিক অসন্তোষের ঘটনায় চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়েছে।

গাজীপুরে পুলিশ-আনসার সদস্য আহত

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় ১১ জন পুলিশ ও আনসার সদস্য আহত হয়েছেন।

দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। শ্রমিকেরা উল্টো পুলিশ ও আনসার সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ছয় পুলিশ সদস্য ও পাঁচ আনসার সদস্য আহত হন।