রোহিঙ্গা প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ নেই: ১৫ দেশ ও ইইউ’র যৌথ বিবৃতি

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৫:০৮ পিএম

মিয়ানমারের রাখাইনের অস্থিতিশীল পরিস্থিতি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য অনুকূল নয়। বাংলাদেশে ১৫টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক মিশন এক যৌথ বিবৃতিতে এ কথা বলেছে।

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নয় বছর ধরে আশ্রয় দেওয়ার বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে তারা।

কূটনৈতিক মিশনগুলো বলেছে, মিয়ানমারে নিজ বসতভিটায় ফিরে যাওয়ার অধিকার রোহিঙ্গাদের রয়েছে। তবে, রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

তারা শঙ্কা প্রকাশ করেছে, সংঘাত বেড়ে যাওয়ায় মানবিক সংকট আরও বাড়ছে। যা আরো অনেককে বাস্তুচ্যুত করে বাংলাদেশ ও অন্যান্য দিকে ঠেলে দিতে পারে।

প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হলে একটি কৌশলগত ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

প্রত্যাবাসনের পরিবেশ ও প্রক্রিয়া ঠিক করতে দেশগুলো বাংলাদেশের সাথে কাজ করবে বলে আশ্বস্ত করেছে। একইসাথে সহায়তা প্রদানও অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।