প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নতুন পে-স্কেল আসছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।সোমবার সকালে ঢাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন
প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, শুধু প্রাথমিক নয়, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সকল স্তরের শিক্ষকদের জন্য একটি নতুন পে-স্কেল নিয়ে কাজ চলছে।
দেশের প্রাথমিক শিক্ষা খাতে আমূল পরিবর্তন আনতে ‘পিডিপি-৫’ (PDP 5) প্রকল্পের আওতায় বিশাল নতুন পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
তিনি বলেন, আগামী দিনগুলোতে শিক্ষা খাতে ব্যয়ের পরিমাণ তিন গুণেরও বেশি বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বর্ধিত বরাদ্দ যাতে কার্যকরভাবে ব্যবহার করা যায়, সেজন্যই বর্তমানে দেশব্যাপী স্কুল পরিদর্শনের মাধ্যমে বাস্তব চিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, এপ্রিল মাসে ঢাকা শহরের বিভিন্ন বিদ্যালয় এবং মে-জুন মাসে জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্কুলগুলো তিনি নিজে সরজমিনে পরিদর্শন করবেন।
দুই মন্ত্রণালয়ের মধ্যে এ সংক্রান্ত আলোচনা অনেক দূর অগ্রসর হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



