ঈদযাত্রায় বাড়ছে দুর্ঘটনা ও মৃত্যু

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১২:২০ পিএম

ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। একইসাথে বড় হচ্ছে সড়ক ও নৌপথে দুর্ঘটনা ও মৃত্যুর মিছিল।

বিভিন্ন গণমাধ্যমে আসা খবর অনুযায়ী, ঈদের আগে বুধবার রাত পর্যন্ত সারাদেশের সড়ক ও নৌপথে দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার কবলে পড়েছে ট্রেনও। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। 

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত হন মিরাজ ফকির ও তার ছেলে সোহেল ফকির। তাদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে।

বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ১৪ নম্বর পন্টুনের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ‘আসা যাওয়া-৫’ লঞ্চটি ট্রলার থেকে যাত্রী তুলছিল। এ সময় ‘এমভি জাকির সম্রাট-৩’ নামের একটি লঞ্চ ‘আসা যাওয়া-৫’ লঞ্চকে ধাক্কা দেয়। এতে দুই লঞ্চের মাঝে পড়ে পিষ্ট হন মিরাজ ফকির ও সোহেল ফকির। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

বগুড়ার শেরপুরে ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে এক দম্পতিসহ মোট ৪ জন নিহত হয়েছেন। বগুড়া জেলা প্রশাসক গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতরা সপরিবারে রংপুরের কাউনিয়ায় ঈদ করতে যাচ্ছিলেন।

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন চারঘাট উপজেলার মৌগাছি গ্রামের কাউসার ইমাম (২৬) ও তার ৬ বছর বয়সী ছেলে মো. রেদোয়ান।

ঢাকা থেকে ছেড়ে যাওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। বগুড়ার আদমদীঘিতে ঘটে এই দুর্ঘটনা। এই ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক যাত্রী।

রেললাইনের সংস্কার কাজ চলার সংকেত না মেনে ট্রেনটি চালানোয় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। লাইনচ্যুতির ফলে দীর্ঘ ২১ ঘন্টা বন্ধ থাকে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে রেল যোগাযোগ।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোহন দাশ (৫০) নামের একজন নিহত হন এবং অন্তত ৮ জন আহত হন।

এছাড়া মৌলভীবাজারের বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে একজন নারীর মৃত্যু হয়েছে।

ঝিনাইদহের মহেশপুরে তেলবাহী ট্যাংকারের চাপায় নিহত হয়েছেন ফুলঝুরি বেগম (৪৫) নামের এক নারী। এ ঘটনায় তার ছেলে লাভলু আহত হন।

নেত্রকোণার খালিয়াজুরীতে ঢাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন জাকি দাস (৪২) নামের এক আরও এক নারী।

এছাড়াও কক্সবাজাররের টেকনাফের হোয়াইক্যাং এলাকায় সড়ক দুর্ঘটনায় নাহিদ ইসলাম (৯) নামের এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪ জন।