কক্সবাজার থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিলের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা হয় বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম। 

আলাপকে তিনি বলেন, ভিআইপিদের বহরের কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি। বহরের সামনে থাকা একটি পুলিশের গাড়ির সঙ্গে একটি অটোরিকশার ধাক্কা লাগে। 

এই ঘটনায় রাষ্ট্রীয় অতিথি বা বহরের কেউ আহত হননি বলেও জানান নূর আলম। তিনি বলেন, অটোরিকশা চালক আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।