গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে প্রধান উপদেষ্টার আহ্বান

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৪:২৯ পিএম

গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন, যা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি।”

তিনি বলেছেন, “এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন। সনদে আপনার সম্মতি দেন।”

ভিডিও বার্তায় ড. মুহাম্মদ ইউনূস জানান, গণভোটে হ্যাঁ ভোট দিলে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামত সংবিধান পরিবর্তন করতে পারবে না। একইসাথে হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ বৈষম্য শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে।

এছাড়া, সংসদে উচ্চকক্ষ গঠনসহ একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারা, স্বাধীনভাবে বিচার ব্যবস্থা কাজ করার ও মৌলিক অধিকার আরো সুরক্ষিত হওয়ার বিষয়গুলো তুলে ধরে জনগণকে গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।