হামে শিশু মৃত্যু বেড়ে ছাড়ালো ৫০০

আপডেট : ২৩ মে ২০২৬, ০৫:২৩ পিএম

হাম ও হামের উপসর্গে বাংলাদেশে শিশু মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। 

গত ১৫ই মার্চ থেকে ২৩এ মে সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে। 

প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা গেছে ১৩ শিশু। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম শনাক্ত হওয়ার পর বরিশালে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গে ঢাকায় চার, চট্টগ্রামে দুই, সিলেটে চার, বরিশালে এক এবং ময়মনসিংহে এক শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪২৬ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৮৬ শিশু।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ৬২ হাজার ৫০৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ শিশু।

তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ১১ শিশু।