‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

আপডেট : ০৬ মে ২০২৬, ০২:২৬ পিএম

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘প্রজেক্ট ফ্রিডম’ সামরিক অভিযানটি সাময়িকভাবে স্থগিত করছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইরানের সঙ্গে চুক্তির পথে অগ্রগতি’ হওয়ায় আপাতত এই অভিযান স্থগিত রাখছেন তিনি। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

সংবাদ সম্মেলনে ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তির পথে ‘ব্যাপক অগ্রগতি’ হয়েছে। তাই চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষরিত হতে পারে কি না তা খতিয়ে দেখার জন্যে আপাতত ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধ থাকবে।

এর আগে গত রবিবার হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য  ‘প্রজেক্ট ফ্রিডম’ নামক সামরিক অভিযান চালানোর কথা বলেছিলেন ট্রাম্প।

অভিযানটি বন্ধ রাখতে পাকিস্তান ও অন্যান্য দেশ অনুরোধ করেছেন বলেও তিনি জানান।

এর কয়েক ঘণ্টা আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরে আটকে পড়া ট্যাংকারগুলোকে বের করে আনার জন্য সোমবার থেকে শুরু হওয়া এই উদ্যোগের রূপরেখা তুলে ধরেছিলেন।