বাল্যবিয়ে রোধে বিবিসি মিডিয়া অ্যাকশনের ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ এএম

বাংলাদেশে বাল্যবিয়ে ও জোরপূর্বক বিয়ে রোধে শুরু হলো বিবিসি মিডিয়া অ্যাকশনের ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন। ৭ই সেপ্টেম্বর ঢাকায় প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং নরওয়ের এনআরকে টেলিথনের অর্থায়নে এই ক্যাম্পেইনের যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। তিনি বলেন, ‘বাল্যবিয়ে বন্ধ করতে হলে শুধু আইন প্রয়োগ নয়, এর পেছনের কারণগুলো চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’ একইসঙ্গে পরিবার ও সমাজের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন বলেন, ‘বাল্যবিয়ে মেয়েদের শিক্ষার পথ বন্ধ করে, তাদের সম্ভাবনা সীমিত করে এবং দারিদ্র্যের চক্রকে আরও দীর্ঘ করে।’

তার মতে, এ ক্ষেত্রে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিবিসি মিডিয়া অ্যাকশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন বলেন, ‘শুধু আইন দিয়ে বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব নয়। এজন্য সামাজিক মানসিকতার পরিবর্তন এবং সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’

ক্যাম্পেইনের অংশ হিসেবে গান, জনসচেতনতামূলক বার্তা ও বিভিন্ন প্রচারণামূলক কনটেন্ট তৈরি করা হয়েছে। এর একটি গানে অংশ নিয়েছেন বাউলশিল্পী আলেয়া বেগম ও র‍্যাপার আলী হাসান।

৭ই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বিবিসি হ্যালো চেকের ফেসবুক, ইউটিউব ও টিকটক চ্যানেলে শুরু হচ্ছে এই ক্যাম্পেইনের প্রচারণা।