সৌদি আরবে সোফা কারখানার আগুনে ১৬ বাংলাদেশি নিহত

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১০:০৮ এএম

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় আগুন লাগার ঘটনায় ১৬জন বাংলাদেশি মারা গেছেন।

সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্ট থেকে এই তথ্য জানানো হয়েছে। এই ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শোক ও সমবেদনা জানিয়েছেন।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, নিহত ১৬ জন বাংলাদেশির মধ্যে ১৩ জনের বাড়িই নওগাঁয়। দুইজনের বাড়ি নাটোর এবং একজনের বাড়ি রাজশাহীতে।

নিহতরা হলেন নওগাঁ জেলার ফরিদ, শুভ, রুবেল প্রামাণিক, সুমন, কলিমউদ্দিন, মোহন প্রামাণিক, সুমন প্রামাণিক, মিনহাজ, হৃদয়, শাহিন, আব্দুল জলিল, মজিদুল, সাগর, নাটোরের শামিম, সাব্বির ও রাজশাহীর শ্যামল।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

নিহতদের পরিচয় নিশ্চিত করে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে সৌদি কর্তৃপক্ষের সাথে দূতাবাস সমন্বয় করছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।