ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ। নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে আইসিসির সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাদের স্পষ্ট দাবি, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হোক।

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন এটি আবেগের সিদ্ধান্ত নয়, সরকারের অবস্থান পরিষ্কার।

তিনি বলেছেন, “আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি। আইসিসি যেন বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেয়, সেটাই সরকারের প্রত্যাশা।

আসিফ নজরুল বলেন, “মাথা নত করে দেশের মানুষদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার পরিণতি কী হতে পারে, তা গুরুত্ব দিয়ে ভাবতে হবে।” ক্রিকেটারদের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবেও কথা বলেছেন বলে জানান।

নিরাপত্তা ঘাটতির বিষয়টি ব্যাখ্যা করে আসিফ নজরুল বলেন, “এই ভয় কল্পনার নয়, একটি বাস্তব ঘটনা থেকেই এসেছে। আমাদের দেশের একজন সেরা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। সেখানে ক্রিকেটার, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে, সেই প্রশ্ন থেকেই যায়।”

অন্যদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, আইসিসির ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তার ভাষায়, “বিশ্বক্রিকেটে জনপ্রিয়তা যখন কমছে, তখন প্রায় ২০ কোটি মানুষের দেশের উদ্বেগ এভাবে উপেক্ষা করা হতাশাজনক।”

তবে হাল ছাড়ছেন না জানিয়ে তিনি বলেন, আইসিসির সঙ্গে আবারও যোগাযোগ করা হবে। একইসঙ্গে তার অবস্থান স্পষ্ট করে বলেন, বাংলাদেশ ভারতে খেলতে চায় না, তারা শ্রীলঙ্কায় খেলতে চায়।

অবশ্য আইসিসির বক্তব্য ভিন্ন। সংস্থাটি বলছে, স্বাধীন নিরাপত্তা মূল্যায়নসহ সব প্রতিবেদনে ভারতে কোনো নির্দিষ্ট বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকির তথ্য পাওয়া যায়নি। আইসিসির মতে, টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন বাস্তবসম্মত নয় এবং এতে ভবিষ্যতে বড় ধরনের দৃষ্টান্ত তৈরি হতে পারে।

বাংলাদেশ ও আইসিসির এই বিপরীত অবস্থানের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।