‘চীনা গুপ্তচরের’ সাথে পরকীয়ার অভিযোগে পদত্যাগ করেছিলেন। কিন্তু তা টিকল মাত্র ১১ দিন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ, জাতীয় নিরাপত্তা নিয়ে বিতর্ক আর বোর্ডের অবস্থান বদলের মধ্যে দিয়ে আবারও চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা পদে ফিরেছেন জেনসেন হুয়াং।
সোমবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির বোর্ডের চেয়ারম্যান হার্ভে সি জোন্স বলেছেন, এনভিডিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য হুয়াইংই ‘সঠিক ব্যক্তি’। বোর্ড আরও জানিয়েছে, মার্কিন সরকারের উচ্চপর্যায় থেকে তাদেরকে জানানো হয়েছে যে, হুয়াংয়কে ফিরিয়ে আনলে জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি তৈরি হবে না।
যদিও বোর্ড এর আগে স্পষ্টভাবে জানিয়েছিল যে, হুয়াংকে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা তাদের নেই।
হুয়াংকে ফিরিয়ে নেওয়ার জন্য এনভিডিয়ার ওপর চাপ দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এমনকি বোর্ডকে সিদ্ধান্ত বদলাতে রাজী করানোর জন্য নিজেই একটি ‘ডিল’ করেছেন বলে দাবি করেছেন ট্রাম্প।
হুয়াং পদত্যাগ করার পর এনভিডিয়ার শেয়ারের দামে বড় ধস নেমেছিল। হুয়াংয়ের ফিরে আসার খবরে অবসান হয়েছে টানা এক সপ্তাহের দরপতনের। সোমবার তার পুনর্নিয়োগের খবরে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়ে যায় ৩১ শতাংশ।
এর আগে ১২ই নভেম্বর চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এমন এক নারীসহ একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর পদত্যাগ করেন হুয়াং। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র ১১ দিনের ব্যবধানে আবারও এনভিডিয়ার নেতৃত্বে ফিরলেন তিনি।