ইন্টারনেট ব্যবহার নিরাপদ করতে নতুন আইন আনতে যাচ্ছে অস্ট্রেলিয়ার সরকার। এ আইনের ফলে মেটা, গুগল ও টিকটকের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বাধ্য হতে পারে সরকারকে অ্যালগরিদম বন্ধ রাখার সুযোগ দিতে। ফলে ব্যবহারকারীরা নিজেরাই ঠিক করতে পারবেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরনের কনটেন্ট দেখতে চান।
অস্ট্রেলিয়ার যোগাযোগ মন্ত্রী আনিকা ওয়েলস জানান, সরকার চায় ব্যবহারকারীদের কাছে পছন্দের সুযোগ থাকুক। যারা অ্যালগরিদম পছন্দ করেন, তারা তা ব্যবহার করবেন। আর যারা চান না, তারা এটি বন্ধ রাখতে পারবেন। যেসব প্রতিষ্ঠান এই সুবিধা দেবে না, তাদের করা হতে পারে বড় অঙ্কের জরিমানা।
নিজেদের প্লাটফর্মে বেশি সময় ধরে রাখতে ব্যবহারকারীদের ক্ষতিকর ও চরমপন্থী কনটেন্ট দেখানোর অভিযোগ আছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। নারীবিদ্বেষী প্রচার ও ক্ষতিকর ভিডিওর মতো অনলাইন ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
তবে এ প্রস্তাবের সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর। তার মতে, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের নজরদারি বা সেন্সরশিপ বাড়ানোর একটি চেষ্টা হতে পারে।
গত ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছিল অস্ট্রেলিয়া। এরপরই মেটা, টিকটক, ইউটিউব ও স্ন্যাপচ্যাটসহ বিভিন্ন প্ল্যাটফর্ম লাখ লাখ অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউনন্ট সরিয়ে ফেলেছে। বয়স যাচাইয়ের জন্য প্ল্যাটফর্মগুলো ফেসিয়াল এজ এস্টিমেশন, আচরণগত সংকেত এবং অন্যান্য থার্ড পার্টি মাধ্যম ব্যবহার করছে।
নিষেধাজ্ঞা কার্যকর রাখতে এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যেন ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে যেতে না পারে, সেজন্য আরও কঠোর নতুন আইন ও জরিমানার বিধান আনতে চলেছে সরকার। তারই ধারাবাহিকতায় চলতি সপ্তাহেই সংসদে পেশ করা হতে পারে নতুন এ আইন।
অস্ট্রেলিয়ার মতো বিশ্বের অন্যান্য অনেক দেশও শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করার আইন পাস করেছে। পনেরো বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢোকা নিষিদ্ধ করে আইন পাস করেছে ফ্রান্স।
অপ্রাপ্তবয়স্কদের জন্য টিকটক, ফেসবুক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতে কড়া বিধিনিষেধ আরোপ করেছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। ষোলো বছরের কম বয়সীদের সামাজিক অ্যাকাউন্ট নিজেদের অভিভাবকদের অ্যাকাউন্টের সাথে যুক্ত করা বাধ্যতামূলক করেছে ব্রাজিল। পাশাপাশি আইন চালু করেছে বয়স যাচাইয়ের।
ব্রিটিশ সরকারও ঘোষণা দিয়েছে ১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আনার।
ডেনমার্ক, নরওয়ে, কানাডা, স্পেন ও গ্রিসের মতো দেশগুলোতেও শিশুদের সুরক্ষায় অ্যালগরিদম নিয়ন্ত্রণ ও বয়সসীমা নির্ধারণের আইন বা প্রস্তাব নিয়ে কাজ চলছে।