প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে বলেও সেখানে উল্লেখ করা হয়েছে।
১৭ই অক্টোবর পুরান ঢাকার গেন্ডারিয়ায় অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযান চালানোর ঘটনায় আলোচনায় আসেন ইশরাক। বিতর্কের মুখে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে ‘স্বেচ্ছায় অব্যাহতির’ ঘোষণা দেন তিনি।
তবে পদত্যাগের সিদ্ধান্ত নিলেও প্রধানমন্ত্রী তাকে নিজ এলাকায় মাদক নির্মূলে কাজ ও অভিযান চালিয়ে যেতে বলেছেন বলেও দাবি করেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
১৯এ অক্টোবরের সেই সংবাদ সম্মেলনে ইশরাক দাবি করেন, আত্মরক্ষার স্বার্থেই তিনি সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন এবং কোনো আইন লঙ্ঘন করেননি। তবে দলের ভাবমূর্তি রক্ষা ও সম্মান অক্ষুন্ণ রাখতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
একই সাথে পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন এবং তার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
মাদকবিরোধী অভিযানে নিজের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি, কোনো ভুল করিনি। নিজের নিরাপত্তার জন্য কিছু সময় অস্ত্র হাতে নিই। চাঁদা তুলতে যাই নাই, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম। কিন্তু সেই ছবি দিয়ে বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তুলে ধরা হয়; যাতে মাদক নির্মূলের মূল ঘটনা ধামাচাপা পড়ে। তবে, আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকলে, কাউকে আঘাত দিলে দুঃখ প্রকাশ করি।
২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৬ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন ইশরাক হোসেন। পাশাপাশি তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।