সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

রাজধানী ঢাকার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি’তে হামলা ভাঙচুরের ঘটনায় এই সংসদ সদস্যের নাম আলোচনায় আসে। তার কয়েকদিন পরেই তাকে পদত্যাগের নির্দেশের সিদ্ধান্তের কথা জানা গেলো।

এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। "ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না," বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজা–সংক্রান্ত আইনশৃঙ্খলা সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গত ২৪এ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনের রাড্ডা সেন্টারে হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হয়। কয়েক ঘণ্টা ধরে ভাঙচুর ও লুটপাটের পর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সাইনবোর্ড ও ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।

এই সমিতির কার্যক্রমের সঙ্গে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতার সম্পৃক্ততা আছে বলে অভিযোগ উঠেছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া এবং মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের’ সদস্য।

এই দুইজন স্থানীয়ভাবে বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। ২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকার সময় ফেরদৌসী আহমেদ মিষ্টি ওই সমিতির সভাপতি ছিলেন। তবে বর্তমান ঘটনার সঙ্গে তিনি জড়িত নন এবং এখন সমিতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে মিষ্টি গণমাধ্যমের কাছে দাবি করেছেন।

এর আগে, বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদল এবং ছাত্রদলের মহানগর পশ্চিমের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগ ছিল। কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ উঠেছিল।

এসব অভিযোগের কারণে তার রাজনৈতিক ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নও তৈরি হয়েছিল। সম্প্রতিও তার বিরুদ্ধে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গেও দ্বন্দে জড়ানোর অভিযোগ উঠেছে প্রভাব বিস্তার, চাঁদাবাজি, দখল বাণিজ্যসহ নানান বিষয় নিয়ে। 

ছাত্রদল সাবেক সভাপতি ও ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর ছোট বোন ফেরদৌস আহমেদ মিষ্টি।