এক টেবিল, বহু সংকট: বাংলাদেশের রাজনৈতিক সংলাপের ইতিহাস

ভিয়েতনামের যুদ্ধ থামাতে প্যারিসে বসে কূটনীতিকেরা সংলাপে বসেছেন। প্রথম যে জিনিসটি নিয়ে তারা একমত হলেন, সেটি হলো টেবিলের আকার হবে গোল। আর এটুকু সমাধানেই আসতে তাদের সময় লেগেছিল প্রায় দশ সপ্তাহ!

সময়টা ১৯৬৯ সালের জানুয়ারি। একটা চৌকো টেবিল দিলে তার চার দিকে চারটি প্রতিনিধিদল বসতে পারে। গোলমালটা ঠিক সেখানেই। দক্ষিণ ভিয়েতনামের সায়গন সরকার দেশের ভেতরে যার সঙ্গে যুদ্ধ করছে, সেই ন্যাশনাল লিবারেশন ফ্রন্টকে চতুর্থ দিকটি ছেড়ে দিলে দেশে ফিরে কী বলবে? এত দিন যাদের বিদ্রোহী বলে এসেছে, প্যারিসে গিয়ে তাদেরই সমান মর্যাদা দিয়ে এল? আবার ফ্রন্টকে উত্তর ভিয়েতনামের প্রতিনিধিদের পাশে বসিয়ে দিলেও মুশকিল। হ্যানয় চায়, ফ্রন্ট নিজের পরিচয়ে কথা বলুক। সেই সময়ের টাইম পত্রিকার হিসাবে প্রায় দুই ডজন টেবিলের নকশা যাচাই-বাছাইয়ের পর সংলাপের জন্য গোল আকারের টেবিল নির্বাচন করা হয়েছিল। ওদিকে, ভিয়েতনামে যুদ্ধ তখনও চলছে।

শেষে মাঝখানে বসল একটি বড় গোল টেবিল। কোনো দাগ টেনে সেটিকে ভাগ করা হলো না। কারও সামনে পতাকা বা নামফলকও থাকল না। দুই পাশে রইল ছোট দুটি আয়তাকার টেবিল। এই ব্যবস্থায় কোনও সাংবাদিক যদি জানতে চান, বৈঠকে পক্ষ কয়টি, হ্যানয় বলতে পারে চার, সায়গন বলতে পারে দুই। মজাটা হলো, উত্তর দেওয়ার সময় দুজনই একই টেবিল দেখাতে পারবেন। কূটনীতিবিদরা চেয়ারগুলো এমনভাবে সাজিয়েছিলেন, যাতে কাউকে বৈঠকে ঢোকার মুখেই নিজের রাজনৈতিক পরাজয় স্বীকার করতে না হয়।

সংলাপের ক্ষেত্রে টেবিল নিয়ে এই টানাপোড়েনের এই গল্পটি বলা হলো এই কারণে যে, রাজনৈতিক সংলাপে আপাতদৃষ্টিতে ছোটখাটো বিষয়ও পুরো আলোচনা আটকে দিতে পারে। কে ডাকবেন, কাকে ডাকা হবে, আর কে কোন পরিচয়ে আলোচনায় বসবেন, এসবের মধ্য দিয়েই ঠিক হয় কার রাজনৈতিক অবস্থানকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। প্যারিসে সেই প্রশ্ন উঠেছিল টেবিলের আকার নিয়ে।

প্যারিসের টেবিল-বিরোধ মেটার কিছুদিনের মধ্যেই বাঙালির খবরের কাগজেও ‘গোলটেবিলে সংলাপ’ বড় খবর হয়ে উঠেছিল। ঢাকায় ২৩এ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ডাকা সংলাপটি অবশ্য এইসব সংকীর্ণতার উর্ধ্বে উঠতে পেরেছে। তবে একটি প্রশ্ন রয়েই গিয়েছে, সেটি হলো সংসদের ভেতরে থাকা দলগুলোর সঙ্গে তো সংসদেই আলোচনার সুযোগ রয়েছে। সংসদের বাইরে কেন এই সংলাপ? আবার এ প্রশ্নও অবান্তর নয়, সংসদের বাইরে থাকা দলগুলোর সঙ্গেও তো আলোচনা প্রয়োজন!  

আমন্ত্রণপত্রের নাম

১২ই ফেব্রুয়ারির নির্বাচনের নয় মাস এগারো দিনের মাথায়, বছর ঘোরার আগেই, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক সংলাপে বসলেন। প্রথম বৈঠকে এলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একজন সংসদ নেতা, অন্যজন বিরোধীদলীয় চিফ হুইপ। অথচ যে পরিচয়ে প্রধানমন্ত্রী বিরোধীদের ডেকেছেন, সেখানে তারা একই পক্ষের মানুষ: জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক শরিক। গোপালগঞ্জে সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ঢাকায় ককটেল বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী সেই শরিকদের এক মঞ্চে চাইছেন। নাহিদও এলেন। সঙ্গে আনলেন এমন এক দাবি, যা মানতে হলে সরকারকে নিজের সিদ্ধান্ত বদলাতে হবে।

সরকার পতনের আন্দোলন থেকে এবারের সংলাপের সূত্রপাত হয়নি। নির্বাচনের পরপর রাজনৈতিক সংকটের কথা উঠলে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির ভোটের কথা মনে পড়তে পারে। সেবার বিরোধীরা ভোট বর্জন করেছিল। নির্বাচনের পর তাদের দাবি ছিল, সরকার ক্ষমতা ছাড়ুক, আবার ভোট হোক। এবার বিরোধীরা সংসদে আছে। তার চেয়েও মজার ব্যাপার, সংলাপের ডাকটি তারেক রহমান নিজেই দিয়েছেন সংসদে, ১৮ই নভেম্বর। বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমানও সেখানে ঐক্যের প্রয়োজনের কথা বলেছেন। পাঁচ দিন পর কথাটা এগোল সচিবালয়ে।

সংসদে-ডাক-সচিবালয়ে-সংলাপ.jpg

সংসদ থেকে বেরিয়ে আরেক ঘরে বসে নেতাদের কী এমন কথা বলতে হয়, যা তারা সংসদে বলতে পারেন না? বাংলাদেশের রাজনৈতিক সংলাপের ইতিহাসে এর উত্তর একরকম নয়। উত্তরগুলো খুঁজতে একটু পেছনে যেতে হবে, শুরু করা যায় প্যারিসে টেবিলের আকার ঠিক হওয়ার কিছুদিন পর থেকে, তবে ঢাকায় নয়, রাওয়ালপিন্ডিতে।

যে ফোনটা আর আসেনি

প্যারিসের টেবিল-বিরোধ মেটার কিছুদিনের মধ্যেই বাঙালির খবরের কাগজেও ‘গোলটেবিলে সংলাপ’ বড় খবর হয়ে উঠল। ১৯৬৯ সালের মার্চে রাওয়ালপিন্ডিতে বসল পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের ডাকা গোলটেবিল বৈঠক। আগরতলা মামলা থেকে মুক্ত হয়ে শেখ মুজিবুর রহমান সেখানে গেছেন ছয় দফা নিয়ে। বৈঠকে দেওয়া তার ‘১০ই মার্চের বক্তব্য’ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রে আছে। আগের মাসের পত্রিকাও পড়ার মতো। তখনো শেখ মুজিব বন্দী। তাকে কীভাবে বৈঠকে আনা যাবে, তার মুক্তির আগে আদৌ গোলটেবিল বসতে পারবে কি-না, তা নিয়েই খবর। অর্থাৎ বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি মেটাতে হয়েছিল একজন আলোচককে চেয়ারে বসানোরও আগে। প্যারিসের মতোই, এখানেও আগে ঠিক হয়েছিল কে বসবেন।

মাঝখানের দুই বছরে ছবিটা বদলে গেছে। ১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ পাকিস্তানের সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ১৯৭১ সালে ঢাকায় শেখ মুজিবের সামনে এখন আরেক পাকিস্তানি প্রেসিডেন্ট, ইয়াহিয়া খান। ইয়াহিয়ার প্রতিনিধিদের সঙ্গে সেই আলোচনার ভেতরের বিবরণ লিখেছেন কামাল হোসেন। তার Bangladesh: Quest for Freedom and Justice বইয়ে ২৩এ মার্চ ভোরের ছোট একটা দৃশ্য আছে। রাত জেগে খসড়া ঘোষণার ওপর কাজ করেছে আওয়ামী লীগের দল। ভোর ছয়টার দিকে সংশোধিত খসড়া নিয়ে বেরিয়ে কামাল হোসেন স্টেডিয়ামের কাছে গাড়ি থামালেন। বাংলাদেশের একটি পতাকা কিনে নিজের গাড়িতে লাগালেন। বেলা সাড়ে এগারোটায় সেই পতাকা উড়িয়েই আওয়ামী লীগের প্রতিনিধিদের গাড়ি ঢুকল প্রেসিডেন্ট হাউসে। সামরিক কর্মকর্তাদের মুখ দেখে কামালের বুঝতে অসুবিধা হয়নি, দৃশ্যটি তাদের পছন্দ হয়নি। প্যারিসে পতাকা টেবিল থেকে সরিয়ে রাখা হয়েছিল, ঢাকায় সেটিই গাড়ির বনেটে উড়ল।

১৯৭১ সালের ১৫ই মার্চ আলোচনার জন্য ঢাকায় আসেন তখনকার পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান।

একটু পরেই অবশ্য সবাইকে একসঙ্গে বসে বেশ খুঁটিনাটি হিসাব কষতে হবে। করের টাকা কোথায় জমা হবে? বৈদেশিক মুদ্রার কোন হিসাব কার হাতে থাকবে? ২৪এ মার্চ রাতে ধারাগুলো পড়ে শেষ হলো। কামাল হোসেন চাইলেন পাকিস্তানি পক্ষের আইনজ্ঞ এআর কর্নেলিয়াসের সঙ্গে সেরাতেই বসতে, যাতে চূড়ান্ত খসড়া সকালে দুই নেতার সামনে তোলা যায়। কর্নেলিয়াস রাজি ছিলেন। ইয়াহিয়ার প্রতিনিধি এসজিএম পীরজাদা তাকে থামালেন। পরদিন সকালে বসা যাবে। ২৫এ মার্চ দিনভর কামাল হোসেন ফোনের অপেক্ষায় রইলেন। রাত সাড়ে দশটার দিকে ধানমন্ডির বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় শেখ মুজিব তার কাছে জানতে চাইলেন, ফোনটা এসেছিল কি-না। কামাল হোসেন জানালেন, আসেনি। সে রাতেই পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা শুরু করে।

দুই পক্ষ যখন খুঁটিনাটি ধারা নিয়ে এতটা এগিয়ে গিয়েও দলিলে সই করতে পারে না, তখন বোঝা যায় আলোচনার টেবিলে বসা আর সিদ্ধান্তে পৌঁছানো এক জিনিস নয়। স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে এই দৃশ্যপটটি বারবার ফিরে এসেছে।

এক বঙ্গভবন, তিন মঞ্চ

স্বাধীন বাংলাদেশের কথা ধরা যাক। ১৯৭৭ সালের অক্টোবরে ঢাকায় ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনৈতিক নেতাদের বঙ্গভবনে ডেকেছিলেন। পরবর্তী এক বিবরণে ১১ই অক্টোবরের বৈঠকে অর্ধশতাধিক নেতার উপস্থিতির কথা আছে। ওই বছরের ডিসেম্বরের আরেক বৈঠককেও পরবর্তী লেখায় ‘গোলটেবিল’ বলা হয়েছে। সেখানে জিয়াউর রহমান সামরিক শাসন থেকে নির্বাচিত ব্যবস্থায় ফেরার পথ নিয়ে রাজনৈতিক নেতাদের মতামত চেয়েছিলেন বলে উল্লেখ আছে। সেই বৈঠকে টেবিলের আকার কী ছিল, পরের দিনের পত্রিকার ছবি বা কার্যবিবরণী থেকে তা নিশ্চিত করা যায়নি। তবে বিরোধীদের কথার কতটা ওজন ছিল, তার একটি চিহ্ন পাওয়া যায় পরের নির্বাচনের তারিখে। ১৯৭৯ সালের সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল ২৭এ জানুয়ারি। ১২টি রাজনৈতিক গোষ্ঠী বর্জনের হুঁশিয়ারি দিলে ভোট পিছিয়ে হলো ১৮ই ফেব্রুয়ারি। সামরিক শাসন উঠল এপ্রিলে।

জিয়াউর রহমানের আমলের আরেকটি সংলাপের কথা ঢাকার রাজনৈতিক ইতিহাসে কম আসে। সেটি হয়েছিল পাহাড়ে। ১৯৭৭ থেকে ১৯৭৮ সালের মধ্যে স্থানীয় পাহাড়ি নেতাদের নিয়ে গঠিত একটি কনভেনশন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে চার দফা কথা বলেছিল। লক্ষ্য ছিল সরকারের সঙ্গে আনুষ্ঠানিক রাজনৈতিক আলোচনার পথ তৈরি করা। স্থানীয় নেতারা দুই পক্ষকে কাছাকাছি আনতে চেয়েছিলেন। আস্থার অভাবে অবশ্য সে চেষ্টা এগোয়নি। খেয়াল করার মতো ব্যাপার, দেশের একদিকে তখন প্রশ্ন, নির্বাচনে কে আসবে? অন্যদিকে প্রশ্ন, কী হলে অস্ত্রধারী প্রতিপক্ষ রাজনৈতিক আলোচনায় আসবে? একই রাষ্ট্রপতির আমলে ‘সংলাপ’ শব্দটা দুটি একেবারে আলাদা দায়িত্ব নিয়ে হাজির হয়েছিল।

Ziaur-Rahman.jpg

জিয়াউর রহমানের পর এরশাদও বিরোধীদের বঙ্গভবনে ডেকেছিলেন। ১৯৮৪ সালের বৈঠকে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সাতদলীয় জোট ৩৩ দফা দাবি দিলো। শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৫ দলের সঙ্গেও এরশাদ বসলেন। কিন্তু ছয় বছর পর হুসেইন মুহম্মদ এরশাদের ক্ষমতা ছাড়ার পথটি ঠিক করল বিরোধী জোটগুলো নিজেদের মধ্যে কথা বলে। বঙ্গভবনের টেবিল শেষ পর্যন্ত কাজে আসেনি, কাজে এল বিরোধীদের নিজেদের সংলাপের টেবিল।

১৯৯০ সালের ১৯এ নভেম্বরের দৃশ্যটি এ দেশের রাজনীতির সবচেয়ে ভালো সংলাপগুলোর একটি, যদিও সেদিন চূড়ান্ত ঘোষণার সময় নেতারা একই মঞ্চেও ছিলেন না। বিএনপির নেতৃত্বে সাত দল, আওয়ামী লীগের নেতৃত্বে আট দল আর বামপন্থি পাঁচ দল তিনটি আলাদা সমাবেশ থেকে একই রূপরেখা ঘোষণা করল। আলাদা মঞ্চে দাঁড়ানো প্রত্যেকের রাজনৈতিক সুবিধা ছিল। দেশবাসীর সুবিধা হলো, তিন জায়গায় কান পাতলেও ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে একই কথা শোনা গেল। প্যারিসের গোল টেবিলের মতোই এখানেও একটি কৌশল কাজ করেছিল; কেউ কারও পাশে বসেননি, অথচ সবাই একই কথা বলেছেন। ৬ই ডিসেম্বর বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বে অস্থায়ী ব্যবস্থার হাতে ক্ষমতা ছাড়লেন এরশাদ।

এর পরের অংশটুকু বাদ পড়লে মনে হতে পারে, সংসদের বাইরে নেতারাই বুঝি সব ঠিক করে ফেলেন। ১৯৯১ সালে নির্বাচিত সংসদে দ্বাদশ সংশোধনী পাস হলো। দেশ সংসদীয় সরকারব্যবস্থায় ফিরল। তারপর গণভোটে মানুষ সেই পরিবর্তন অনুমোদন করলেন। এরশাদের বিদায়ের পথ বিরোধী জোটগুলো মিলে বের করেছিল। কিন্তু ভবিষ্যতে সরকার গঠন করবেন কারা, আর তাদের কাছে সরকার জবাব দেবেই বা কীভাবে, সেই পরিবর্তনে নির্বাচিত সংসদ ও ভোটার উভয়েরই ভূমিকা ছিল। বাইরের সমঝোতা পথ দেখাতে পারে, কিন্তু তাকে বৈধতা দেয় সংসদ আর ভোটার। এই সূত্র ধরেই দেখা যাক, তিন বছর পর কী ঘটল।

যে সংসদ নিজের বিদায়ের ব্যবস্থা করল

১৯৯৪ সালের সংকটের গল্পে একজন বিদেশির নাম বেশ পরিচিত, অস্ট্রেলিয়ার সাবেক গভর্নর জেনারেল স্যার নিনিয়ান স্টিফেন। কিন্তু তার ঢাকায় আসার আগে দুই বাংলাদেশি কোথায় বসেছিলেন, সেটি কম মনে থাকে। ৩১এ অগাস্ট তৎকালীন বিএনপি নেতা একিউএম বদরুদ্দোজা চৌধুরী আর আওয়ামী লীগের আবদুস সামাদ আজাদ দেড় ঘণ্টারও বেশি সময় কথা বলেছিলেন জাতীয় সংসদ ভবনে। জায়গাটা সংসদ ভবন বটে, কিন্তু বৈঠকটা অধিবেশন নয়। একই ভবনের এক ঘরে দুই নেতা যা বলতে পারেন, মাইক্রোফোন চালু রেখে দেশের সামনে দাঁড়িয়ে তা বলতে তাদের অন্য রাজনৈতিক হিসাব করতে হয়। ওই দিনের চেষ্টা অবশ্য কোনো সমঝোতা আনেনি।

সংকটের কেন্দ্রে ছিল মাগুরার উপনির্বাচন। ক্ষমতাসীন দলের অধীনে পরের জাতীয় ভোট কতটা বিশ্বাসযোগ্য হবে, এই প্রশ্ন তুলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানাল। কমনওয়েলথের দূত নিনিয়ান এসে দুই পক্ষের সঙ্গে বসলেন। তার এক প্রস্তাবে ক্ষমতাসীন ও বিরোধী উভয় পক্ষকে অন্তর্বর্তী মন্ত্রিসভায় জায়গা দেওয়ার কথা ছিল। সেখানেও একটি চেয়ার নিয়ে জট: সরকারের প্রধান থাকবেন কে? প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই চেয়ারে থাকলে অন্য আসনগুলো কীভাবে ভাগ হবে, বিরোধীদের কাছে সেটা গৌণ। ফলে মন্ত্রী বসানোর অঙ্ক মিলিয়েও প্রধানমন্ত্রীর চেয়ারটির মীমাংসা হলো না। ডিসেম্বরে বিরোধীদলের সংসদ সদস্যরা গণপদত্যাগ করলেন।

স্যার নিনিয়ান স্টিফেন ছিলেন একজন প্রখ্যাত অস্ট্রেলীয় বিচারপতি ও কূটনীতিক, যিনি অস্ট্রেলিয়ার ২০তম গভর্নর-জেনারেল এবং দেশটির হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তারপর এল ১৫ই ফেব্রুয়ারি, ১৯৯৬। প্রধান বিরোধী দলগুলো ভোট বর্জন করল, আর বিএনপি সরকার গঠন করল। ভোটের আগের দিন প্রশ্ন ছিল, ক্ষমতাসীন দলকে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি-না। ভোটের পরদিনও প্রশ্নটা বহাল। বাইরে আন্দোলন চলছে, কূটনীতিকেরা সমঝোতার চেষ্টা করছেন। ৩রা মার্চ খালেদা জিয়া জাতির উদ্দেশে ভাষণে বললেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য সংসদে বিল আনা হবে। পরদিন শেখ হাসিনা সরকারের কাছে পাঁচ দফা দাবি তুললেন। মার্চের শেষ ভাগে ত্রয়োদশ সংশোধনী পাস হলো। ৩০এ মার্চ সংসদ ভেঙে গেল, খালেদা জিয়া পদ ছাড়লেন। বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১২ই জুন আবার ভোট হলো।

এখানে ইতিহাসের কৌতুকটা চোখে পড়ে। ফেব্রুয়ারিতে বিরোধীরা যে সংসদ নির্বাচন বর্জন করেছিল, তাদের প্রধান দাবিটি সংবিধানে লিখে দিলো সেই সংসদই। আর তা করতে গিয়েই নিজের বিদায়ের ব্যবস্থা করল। দাবি আদায় হলো রাস্তার চাপে, কিন্তু তার আইনি রূপ দিতে হলো সংসদকেই।

এর এক বছর পর পার্বত্য চট্টগ্রামে সম্পূর্ণ ভিন্ন একটি প্রশ্নে দেখা গেল, সংলাপ কত দূর পৌঁছাতে পারে। ২রা ডিসেম্বর ১৯৯৭। ঢাকায় সরকারের জাতীয় কমিটির পক্ষে আবুল হাসানাত আবদুল্লাহ এবং জনসংহতি সমিতির পক্ষে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, যিনি সন্তু লারমা নামে পরিচিত, পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে সই করলেন। দুই দশক আগে যে যোগাযোগের চেষ্টা আস্থার সংকটে থেমে গিয়েছিল, তার অনেক পরে, ভিন্ন সরকার ও ভিন্ন পরিস্থিতিতে, একটি স্বাক্ষরিত দলিল পাওয়া গেল। তারপরও সংসদের কাজ বাকি ছিল। চুক্তিতে যে আঞ্চলিক পরিষদের কথা ছিল, তার জন্য ১৯৯৮ সালে সংসদে আইন পাস হলো।

২রা ডিসেম্বর ১৯৯৭; ঢাকায় সরকারের জাতীয় কমিটির পক্ষে আবুল হাসানাত আবদুল্লাহ এবং জনসংহতি সমিতির পক্ষে সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে সই করেন।।

এখানে ধাপগুলো পরিষ্কার দেখা যায়। প্রথমে দুই পক্ষ বসে ঠিক করল কী করবে। তারপর চুক্তিতে সই করে জনসমক্ষে তার দায় নিল। শেষে সংসদ আইন করে একটি প্রতিষ্ঠান গড়ার ব্যবস্থা করল। চুক্তির প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের হিসাব অবশ্য আবার আলাদা।

তাহলে কি বাংলাদেশের বেশির ভাগ রাজনৈতিক সিদ্ধান্তই সংসদের বাইরে হয়? ‘বেশির ভাগ’ বলার মতো পূর্ণ হিসাব আমাদের হাতে নেই। বড় কয়েকটি ঘটনায় যা দেখা যায়, তা আরও নির্দিষ্ট। কখনো বাইরে সমঝোতা হয়, সংসদ তাকে আইনের রূপ দেয়। কখনো আন্দোলনের চাপে সরকার নিজের অবস্থান বদলায়, পরে সংসদে বিল আনে। আবার এমন সংলাপও আছে, যেখানে দুই পক্ষ কেবল পরের বৈঠকে বসতে রাজি হয়, আর সেই পরের বৈঠকেও কিছু ঠিক হয় না। তাই সংলাপের ইতিহাস লিখতে গিয়ে ফটোগ্রাফারের ক্যামেরা ক্লিক করলেই খাতায় একটি করে ‘সিদ্ধান্ত’ তুললে শেষে হিসাব মিলবে না।

আট নাতি-নাতনির নাম জানতেন কার্টার

আলোচনায় মানুষের মন পড়ার কোনো বিদ্যা আছে কি-না, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারকে জিজ্ঞেস করলে সম্ভবত একটা পারিবারিক অ্যালবামের গল্প শোনা যেত। ঘটনাটি তিনি নিজেই বলেছেন। ১৯৭৮ সালের সেপ্টেম্বরে ক্যাম্প ডেভিডে মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাখিম বেগিনের সঙ্গে বসেছেন কার্টার। সিনাই থেকে ইসরায়েলি বসতি সরানো নিয়ে আলোচনা আটকে। বেগিন চলে যাওয়ার কথা ভাবছেন। এর মধ্যে তার ছোট্ট একটি অনুরোধ ছিল: তিন নেতার একসঙ্গে তোলা ছবিতে কার্টার সই করে দেবেন? নাতি-নাতনিদের জন্য নিয়ে যাবেন।

১৯৭৮ সালের সেপ্টেম্বরে ক্যাম্প ডেভিডে (বাম থেকে) মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাখিম বেগিন।

কার্টারের সচিব আটটি ছবি জোগাড় করলেন, জেনে নিলেন আট নাতি-নাতনির নামও। কার্টার শুধু নিজের নাম সই করে ছবিগুলো ফেরত দিতে পারতেন। তিনি প্রত্যেকের ছবিতে আলাদা করে তার নাম লিখলেন, তারপর নিজেই নিয়ে গেলেন বেগিনের কেবিনে। কার্টারের বয়ানে, বেগিন একে একে নামগুলো পড়ছিলেন। যে মানুষটিকে এতক্ষণ ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে একটা কঠিন ছাড় দিতে বলা হচ্ছিল, তার মধ্যে এই প্রথম একজন দাদুরও দেখা পাওয়া গেল।

ছবিগুলোই বেগিনকে রাজনৈতিক অবস্থান বদলাতে রাজি করিয়েছিল, এমন প্রমাণ নেই। তবে দুজনেরই যখন ব্যর্থতা মেনে বাড়ি ফেরার কথা মনে হচ্ছে, তখন ব্যক্তিগতভাবে কথা বলার মতো কয়েকটি মিনিট পাওয়া গিয়েছিল। শেষ পর্যন্ত সম্মেলন থেকে চুক্তির রূপরেখা এল। পরের বছর মিসর ও ইসরায়েল শান্তিচুক্তিতে সই করল। ১৯৮১ সালে কায়রোয় সামরিক কুচকাওয়াজের সময় আততায়ীর গুলিতে নিহত হলেন আনোয়ার সাদাত।

তেইশ বছর পর ঢাকায় এসে কার্টার পড়লেন অন্য সমস্যায়। বাংলাদেশের দুই প্রধান নেত্রীই তার সঙ্গে কথা বলতে রাজি। কিন্তু তিনি চান, কিছু কথা তারা পরস্পরের উপস্থিতিতে বলুন। ২০০১ সালের অগাস্টে তিনি মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানালেন শেখ হাসিনা ও খালেদা জিয়াকে। দুজনই এলেন। সৌজন্য বিনিময় হলো। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান ও কার্টারের সঙ্গে দুই নেত্রীর ছবিও উঠল। তারপর কার্টার তার প্রস্তুত করা প্রশ্নগুলো করতে শুরু করলেন।

ঢাকায় বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেত্রীদের সাথে জিমি কার্টার।

কার্টারের নিজের সফরবিবরণে মজার তথ্যটি আছে। দুজনই টেবিলের ওপার থেকে আলাদা করে উত্তর দিচ্ছিলেন কার্টারকে। প্রতিপক্ষ প্রতিটি কথা শুনছেন, অথচ তাকে সরাসরি সম্বোধন করার অস্বস্তিটুকু নেই। এটি যেন প্যারিসের গোল টেবিলের ঘরোয়া সংস্করণ; ঢাকায় কার্টারের কূটনৈতিক সাফল্যের জন্য টেবিলের নকশা পাল্টাতে হয়নি, প্রশ্নকর্তা কোথায় বসবেন, সেটুকুই যথেষ্ট ছিল।

সহিংসতা পরিহার, হরতাল না ডাকা ও নির্বাচনের পর সংসদ বর্জন না করাসহ কয়েকটি বিষয়ে অঙ্গীকার পাওয়া গেল। পরে কে কী বলেছিলেন তা নিয়ে যেন গোল না বাধে, সে জন্য সম্মত বিষয়গুলো টাইপ করে নেওয়া হলো। নির্বাচন হলো। আওয়ামী লীগ পরের সংসদের প্রথম তিনটি অধিবেশন ও চতুর্থটির একাংশ বর্জন করল। মধ্যাহ্নভোজের টেবিলে কে কী বলেছিলেন, তার বর্ণনা কার্টারের সফরবৃত্তান্তে আছে। সেই কথার আয়ু জানতে হলে বাংলাদেশের সংসদের হাজিরাখাতাটিও দেখতে হয়।

১০ জনের কমিটি থেকে ২ জনের বৈঠক

কার্টারের টেবিলে কথা দেওয়া সহজ ছিল, রাখা কঠিন। পাঁচ বছর পর, ২০০৬ সালে ঢাকায় আবার প্যারিসের প্রশ্নটি উঠল: কারা বসবেন? ক্ষমতাসীন বিএনপির প্রস্তাব, দুই পক্ষ থেকে পাঁচজন করে নিয়ে দশ সদস্যের কমিটি হোক। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল চাইল, কমিটিতে থাকুক শুধু বিএনপি আর আওয়ামী লীগের নেতারা। সরকারি জোটের শরিক জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব নিয়ে তাদের আপত্তি। ফলে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার আগে কয়েক মাস চলে গেল আলোচক বাছাইয়ের আলোচনায়। শেষ পর্যন্ত অক্টোবরে সরাসরি বসলেন বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল। মার্চে যে উদ্যোগে দশজনের নাম চাওয়া হয়েছিল, অক্টোবরে সেটি শুরু করলেন দুজন।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন আবদুল মান্নান ভূঁইয়া ও আবদুল জলিল।

এবার বিরোধের কেন্দ্রে ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ, নির্বাচন কমিশন ও ভোটার তালিকা। ছয় দফা বৈঠক করেও মান্নান ভূঁইয়া ও জলিল সমঝোতায় পৌঁছাতে পারলেন না। সাবেক প্রধান বিচারপতি কেএম হাসান, যাকে ঘিরে এত আপত্তি, শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতেই রাজি হলেন না। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ নিজেই দায়িত্ব নিলেন। তাতেও সংকট কাটল না। ২০০৭ সালের ১১ই জানুয়ারি জরুরি অবস্থা ঘোষিত হলো, ইয়াজউদ্দিন প্রধান উপদেষ্টার পদ ছাড়লেন, নির্বাচন পিছিয়ে গেল। একজনকে চেয়ারে বসতে দেওয়া হবে কি-না, তা নিয়ে যে লড়াই শুরু হয়েছিল, তিনি সরে যাওয়ার পরও লড়াইটি চলল। তত দিনে অবিশ্বাসের পরিধি ওই একটি চেয়ারের চেয়ে অনেক বড়।

ছয় বছর পর, ২০১৩ সালে, অন্তত শুরুর সমস্যাটি ছিল প্রযুক্তিগত। শেখ হাসিনার দাবি ছিল, লাল টেলিফোনে চেষ্টা করেও খালেদা জিয়াকে পাননি। খালেদা জিয়ার দপ্তর জানাল, যন্ত্রটি অনেক দিন ধরেই বিকল। শেষে মোবাইলে প্রায় ৩৭ মিনিট কথা হলো। ডিসেম্বরে জাতিসংঘের দূত অস্কার ফার্নান্দেজ তারানকোর উদ্যোগে দুই দলের প্রতিনিধিরাও বসলেন। কিন্তু নির্বাচনকালে সরকারপ্রধান কে থাকবেন, সেই বিরোধ মিটল না। ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচন বিএনপি বর্জন করল। টেলিফোনের সমস্যাটা সমাধান হয়েছিল এক বিকেলেই।

২০১৮ সালের গণভবন সংলাপের খবর পড়তে গেলে অন্য অভিজ্ঞতা হয়: রাজনৈতিক সমঝোতার চেয়ে নৈশভোজের বিবরণ অনেক বেশি নিখুঁত। শেখ হাসিনার সঙ্গে আলোচনায় এসেছেন কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

সংলাপ শুরুর আগে গণভবনে শেখ হাসিনা ও কামাল হোসেন।

সেসময়কার গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মোরগ পোলাও রেঁধেছিলেন পিয়ারু বাবুর্চি, খাসির রেজালা এসেছিল পর্যটন করপোরেশন থেকে, আর চিজকেক র‍্যাডিসনের। প্রথম বৈঠক শেষে কামাল হোসেন বললেন, তিনি সুনির্দিষ্ট সমাধান পাননি। দ্বিতীয়বারও দুই পক্ষ বসল। ঐক্যফ্রন্ট নির্বাচনে গেল, পরে ফল প্রত্যাখ্যান করল। সেদিনের খবরের কাগজে অন্তত পিয়ারু বাবুর্চির কাজ নিয়ে কোনো অস্পষ্টতা ছিল না।

লন্ডন থেকে সচিবালয়

এবার ফেরা যাক ২৩এ নভেম্বরে। সচিবালয়ে যে দুজন পরস্পরের কথা শুনলেন, গত দুই বছরে তাদের দুজনকেই টেবিলের অন্য পাশ থেকে দেখেছে বাংলাদেশ।

৩রা আগস্ট ২০২৪। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের সামনে নাহিদ ইসলাম দাঁড়িয়েছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে। সেদিন শেখ হাসিনা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার আগ্রহ জানিয়েছিলেন। শহীদ মিনার থেকে নাহিদ ঘোষণা করলেন সরকারের পদত্যাগের এক দফা। গুলিতে মানুষ নিহত হওয়ার পর আন্দোলন এমন জায়গায় পৌঁছেছিল, যেখানে সরকারের আলোচনার আমন্ত্রণ আন্দোলনের গতি ফেরাতে পারেনি। দুদিন পর সরকারের পতন ঘটল।

সেই নাহিদ ইসলামই এখন নির্বাচিত জনপ্রতিনিধি। আরেক প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সচিবালয়ে এসে তিনি বলেছেন, দেশের স্বার্থে তারা সরকারের সঙ্গে আছেন। সেই সঙ্গে সরকারকে বলেছেন তার গড়া সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিতে। একজন রাজনীতিকের এই দুই দৃশ্য পাশাপাশি রাখলে বোঝা যায়, বৈঠকে যাওয়া বা আমন্ত্রণ ফিরিয়ে দেওয়া, দুটির রাজনৈতিক অর্থই নির্ভর করে কখন, কী নিয়ে, কার সঙ্গে কথা হচ্ছে তার ওপর।

টেবিলের অন্য পাশের মানুষটিকেও একবার ঘুরে দেখা যাক। ১৩ই জুন ২০২৫, লন্ডনের ডরচেস্টার হোটেলে, তারেক রহমান বসেছিলেন বিরোধী রাজনৈতিক নেতার ভূমিকায়। তার সামনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তারেক রহমান তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বৈঠকে তিনি ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দিলেন। তবে বাংলাদেশের মানুষের আগ্রহ ছিল কলম দিয়ে কী লেখা হবে, তা নিয়ে। বৈঠকের পর যৌথ ঘোষণায় বলা হলো, প্রস্তুতি সম্পন্ন করা গেলে এবং সংস্কার ও বিচারে যথেষ্ট অগ্রগতি হলে ২০২৬ সালের রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে। ভাষাটি শর্তযুক্ত। তারপরও প্রথমবারের মতো পাঠকের হাতে একটা ব্যবহারযোগ্য ক্যালেন্ডার এল, ফেব্রুয়ারির প্রথমার্ধ। শেষ পর্যন্ত ভোট হলো ১২ই ফেব্রুয়ারি।

২০২৫ সালের জুনে লন্ডনে তারেক রহমান ও মুহাম্মদ ইউনূস।

লন্ডনের বৈঠক নিয়ে এনসিপির তখনকার প্রতিক্রিয়াটাও মনে রাখা দরকার। তারা বলেছিল, জুলাই সনদ ঘোষণা, তার কার্যকর বাস্তবায়ন ও সুস্পষ্ট রূপরেখার সঙ্গে নির্বাচনের আলোচনা মিলিয়ে দেখতে হবে। অর্থাৎ তারেক রহমান যখন সরকারের কাছে দ্রুত ভোটের নিশ্চয়তা চাইছেন, তখনই এনসিপি জানতে চাইছে, সংস্কারের নিশ্চয়তা কোথায়। দেড় বছর পর সচিবালয়ে এসে নাহিদ ইসলাম যে দাবিটি তুললেন, সেটি মধ্যাহ্নভোজের আগে তড়িঘড়ি বানানো কোনো শর্ত নয়। তার পেছনে লন্ডনের বৈঠকেরও আগের এক রাজনৈতিক তর্ক আছে।

২০২৫ সালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর আলোচনায় সেই তর্ক লিখিত আকার পায়। অক্টোবরে জুলাই সনদে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দল সই করে। বাস্তবায়ন কীভাবে হবে, তা নিয়ে আপত্তির মধ্যে এনসিপি সেদিন সই করেনি। তারপর ১২ই ফেব্রুয়ারির ভোটকেন্দ্রে মানুষ দুটি বিষয়ে মত দিলেন। কাদের হাতে সরকার চালানোর দায়িত্ব দেবেন? আর জুলাই সনদ বাস্তবায়নে তাদের সম্মতি আছে কি না? প্রথম প্রশ্নে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেল। দ্বিতীয় প্রশ্নে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ল ‘হ্যাঁ’-এর পক্ষে। আজ সরকার ও বিরোধী পক্ষ দুজনেই নিজের যুক্তির পক্ষে একই দিনের ভোটারের কাছে ফিরছে।

এই জায়গায় এসে দুটি প্রায় নিরীহ শব্দের দিকে খেয়াল করুন: কমিটি আর পরিষদ। শুনলে মনে হতে পারে, সচিবালয়ের এক দপ্তর থেকে ফাইল আরেক দপ্তরে পাঠানো নিয়ে গোল বেধেছে। আসলে প্রশ্নটা সংবিধান বদলানোর কর্তৃত্ব নিয়ে। জাতীয় সংসদ একটি বিশেষ কমিটি গঠন করেছে। তার সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের যুক্তি, সনদে বিএনপির যেসব বিষয়ে ভিন্নমত ছিল, দলটি নির্বাচনী ইশতেহারে তা জানিয়েই জনগণের রায় পেয়েছে। তাই সংসদে সংশোধনী এনেই তারা কাজটি করতে চায়। এনসিপি বলছে, গণভোটের রায় অনুযায়ী সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে কাজ করতে হবে। কেন্দ্রীয় প্রশ্নটি তাই ‘সংস্কার হবে কি’ থেকে এগিয়ে এখন ‘কার কর্তৃত্বে, কোন পদ্ধতিতে হবে’।

২৩এ নভেম্বরের সংলাপে এই পুরোনো বিরোধের সঙ্গে যোগ হয়েছে নতুন উদ্বেগ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার পর প্রধানমন্ত্রী চাইছেন জুলাইয়ের পক্ষের দলগুলো একসঙ্গে দাঁড়াক। নাহিদ বৈঠক থেকে বেরিয়ে বলেছেন, দেশের স্বার্থে তারা সরকারের সঙ্গে আছেন। একই ব্রিফিংয়ে তিনি বিশেষ কমিটি বাতিল, গণভোটের রায় অনুযায়ী সনদ বাস্তবায়ন ও জুলাইয়ের ভুক্তভোগীদের বিচার নিশ্চিত করার দাবিও জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে ঐক্যের আশু পরীক্ষা, সহিংসতার বিরুদ্ধে বিরোধীরা কী করে। এনসিপির কাছে তার পরীক্ষা, সরকার সংস্কারের প্রশ্নে কী ছাড় দেয়। একই বৈঠক থেকে তাই দুই পক্ষের বলার মতো আলাদা কথা আছে। এখানে এসে প্যারিসের গোল টেবিলটির কথা আবার মনে পড়ে।

তবে প্যারিসে দুই পক্ষ দেশে ফিরে দুই রকম ব্যাখ্যা দিতে পারায় সুবিধা হয়েছিল। যুদ্ধ থামানোর আলোচনা অন্তত শুরু করা গিয়েছিল। বাংলাদেশের ভোটারের প্রয়োজন আরেকটু বেশি। ১৯৯৬ সালে তাকে অল্প সময়ের মধ্যে দুইবার ভোটকেন্দ্রে যেতে হয়েছিল, কারণ প্রথম ভোটটি কে পরিচালনা করেছে, তা নিয়েই বিরোধ মেটেনি। এবার তিনি একই দিনে দুটি রায় দিয়েছেন। সেই রায় নিয়ে সংসদ নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ সচিবালয়ে কথা বলেছেন, এক টেবিলে দুপুরের খাবারও খেয়েছেন। দুজনেরই আবার সংসদে ফেরার কথা। সেখানে গেলে ভোটার তাদের কাছে খুব সাধারণ একটি উত্তর চাইতে পারেন, আপনারা কোন কথাটিতে একমত হলেন, আর কোনটিতে হলেন না?

তন্ময় ইমরান একজন লেখক ও গণমাধ্যমকর্মী।

[মতামত লেখকের নিজস্ব]