হাদির ওপর হামলা: মোটরবাইকের মালিক সন্দেহে আটক একজন

শরিফ ওসমান বিন হাদির ওপর গুলি চালানোর ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত হওয়ার পর সেটির মালিক সন্দেহে একজনকে আটক করেছে র‌্যাব। 
 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদির উপর হামলার ঘটনায় ১৪ই ডিসেম্বর রবিবার আব্দুল হান্নান নামে একজনকে ঢাকার মোহাম্মদপুর থেকে আটক করার পর পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
পল্টন থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘‘র‌্যাব-২ আমাদের কাছে হান্নান নামে একজনকে হস্তান্তর করেছে।"
 
তিনি বলেন, ওসমান হাদিকে যেই মোটরসাইকেল থেকে গুলি করা হয় সেটির মালিক সন্দেহে তাকে আটক করা হয়েছে ।
 
‘‘হান্নান দাবি করছে, ওই মোটরসাইকেল কেনার পর সে শোরুমে বিক্রি করে দেয়। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে,’’ ওসি কামাল আলাপ-কে বলেন। 
 
আরও পড়ুন
তফসিলের পরদিনই হাদিকে হত্যাচেষ্টার উদ্দেশ্য কী
 
১২ই ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদিকে গুলি করা হয়। চলন্ত অটোরিকশায় থাকা হাদিকে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী মাথায় লক্ষ্য করে গুলি চালায়।
 
হাদিকে প্রথমে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে এক দফা অস্ত্রোপচারের পর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা 'আশঙ্কাজনক'।