নোবেল পুরস্কার জয়ী নার্গিস মোহাম্মদিকে আবারও গ্রেপ্তার করেছে ইরান

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদিকে আবারও গ্রেপ্তার করেছে ইরানি নিরাপত্তা বাহিনী। শুক্রবার ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ শহর থেকে তাকে আটক করা হয় বলে দাবি করেছে তার ফাউন্ডেশন।


নার্গিস ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি রহস্যজনকভাবে মারা যাওয়া মানবাধিকার আইনজীবী খসরু আলিকোর্দির স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গেলে ৫৩ বছর বয়সি মোহাম্মদিকে আটক করা হয়। 


তবে এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি। তাকে আবার কারাগারে পাঠানো হবে কি না, সেটিও নিশ্চিত নয়। বার্তাসংস্থা এপি জানিয়েছে, নরওয়ের নোবেল কমিটি মোহাম্মদির গ্রেপ্তারের ঘটনায় "গভীর উদ্বেগ" প্রকাশ করেছে। 


এর আগে ১৩ বার গ্রেপ্তার এবং পাঁচবার দোষী সাব্যস্ত হয়েছেন নার্গিস। এমনকি ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার জেতার সময়ও তিনি তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দি ছিলেন।


ইরানে নারী অধিকার এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সাহসী লড়াইয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিত নার্গিস। এ জন্য কর্মজীবনের শুরু থেকেই ইরানি সরকারের রোষানলে পড়েন এবং বহুবার গ্রেপ্তার হতে হয়েছে তাকে। সব মিলিয়ে তাকে ৩০ বছরেরও বেশি সময়ের কারাদণ্ড এবং মোট ১৫৪ বার বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। 


দীর্ঘদিনের অসুস্থতার কারণে ২০২৪ সালের ডিসেম্বরে মোহাম্মদিকে চিকিৎসার জন্য সাময়িকভাবে কারাগার থেকে ছুটি দেওয়া হয়েছিল। তার হাড় ও হৃদযন্ত্রের চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে আরও অন্তত ছয় মাস চিকিৎসাজনিত ছুটিতে রাখা প্রয়োজন।