কর্মবিরতির হুমকি মেট্রোরেল কর্মচারীদের, বন্ধ হতে পারে যাত্রীসেবা

দাবি আদায় না হলে শুক্রবার থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে মেট্রোরেলের কর্মচারীরা। 

বুধবার মেট্রোরেলের পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর কর্মচারীরা এই ঘোষণা দেন। 

তারা বলেছেন, স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না হলে তারা শুক্রবার থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাবেন এবং মেট্রোরেল যাত্রীদের কোনো ধরনের সেবা দেবেন না। 

সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল এর কর্মকর্তা-কর্মচারীরা জানান, ৯ই ডিসেম্বরের মধ্যে সার্ভিস রুল প্রকাশ করার আল্টিমেটাম আগেই দেওয়া হয়েছিল। 

এতে আরও বলা হয়, বেঁধে দেয়া তারিখের মধ্যে দাবি পূরণ না হওয়ায় ১১ই ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল। এর মধ্যেও সার্ভিস রুল প্রণয়ন না হলে ১২ই ডিসেম্বর শুক্রবার ভোর থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে।

আন্দোলনকারীদের অভিযোগ, স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা না থাকায় ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, ওভারটাইম, গ্রুপ ইনস্যুরেন্সসহ নানামুখী সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। 

ডিএমটিসিএলের মুখপাত্র মো. আহসান উল্লাহ শরিফী বলেন, কর্মচারীদের একটি অংশ তাদের দাবি-দাওয়া জানিয়েছে। এ বিষয়ে একটি সমাধানে পৌঁছাতে ডিএমটিসিএল কর্তৃপক্ষ আলোচনা করছে। 

২০১৩ সালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটিতে ৯০০ এর বেশি কর্মকর্তা-কর্মচারী কাজ করেন। ২০২২ সালের ডিসেম্বর থেকে মেট্রোরেলের বাণিজ্যিক অপারেশন শুরু করে প্রতিষ্ঠানটি।  

২০২৪ সালের সেপ্টেম্বরে উপদেষ্টা কমিটি ৬০ কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের নির্দেশনা দিলেও তখন তা বাস্তবায়িত হয়নি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কর্মচারীরা আন্দোলনে নামলে ২০ মার্চের মধ্যে সার্ভিস রুল চূড়ান্তের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। কিন্তু ৯ মাস অতিক্রান্ত হলেও সেই প্রতিশ্রুতি আলোর মুখ দেখেনি। ফলে এবার ১২ই ডিসেম্বর শুক্রবার থেকে সর্বাত্মক কর্মবিরতি এবং সব ধরনের যাত্রী সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ডিএমটিসিএল কর্মীরা।