বাংলাদেশবিরোধী কাজে ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেওয়া হয়নি: দিল্লি

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ভারতকে দোষারোপ করে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি স্পষ্টত নাকচ করেছে ভারত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের জনগণের স্বার্থের পরিপন্থি কোনো কাজে ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেওয়া হয়নি।

বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে ভারতের অবস্থান ফের উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

নয়াদিল্লির প্রত্যাশা, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিত করতে, বিশেষ করে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনবরত কথা বলতে দেয়ায় উদ্বেগ জানিয়ে ভারতের হাইকমিশনারকে তলবের কয়েক ঘণ্টা পরই, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়।

বাংলাদেশের তরফ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে, ভারতে পলাতক শেখ হাসিনা প্রকাশ্যে তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানাচ্ছেন, যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি।

রবিবার ভারতের হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় ফের জানায়, দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী লীগের কয়েকজন সদস্য বাংলাদেশবিরোধী তৎপরতায় জড়িত। আসন্ন নির্বাচন ব্যাহত করতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে সহায়তা করছে তারা।