গাড়িতে হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডার হত্যার দাবি ইসরায়েলের

প্যালেস্টাইনের গাজায় গাড়িতে হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সূত্রের বরাতে শনিবার একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, প্যালেস্টাইনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সিনিয়র কমান্ডার রায়েদ সায়েদকে হত্যা করা হয়েছে।

২০২৩ সালে তেল আবিবে যে হামলার পর ফের যুদ্ধ শুরু হয় পুরোদমে, ইসরায়েলের দাবি সেই হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন রায়েদ সায়েদ।

এই হামলায় চারজন নিহত এবং অন্তত ২৫ জনের আহত হওয়ার খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। 

ইসরায়েলি সামরিক বাহিনীও নিশ্চিত করেছে, তারা গাজায় হামাসের একজন শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, তবে তারাও কোনও নাম বা বিস্তারিত তথ্য জানায়নি।

রয়টার্স বলছে, যদি সায়েদ নিহত হয়ে থাকে তাহলে এ বছরের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর এটি হামাসের কোনও জ্যেষ্ঠ নেতার ওপর সবচেয়ে বড় আঘাত।

ইসরায়েলের একজন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, সায়েদ হামাসের অস্ত্র উৎপাদন বাহিনীর প্রধান ছিলেন এবং তাকে লক্ষ্য করেই এই হামলা করা হয়েছিলো।

হামাসের সূত্রের বরাতে রয়টার্স রায়েদ সায়েদকে ইজ এলদিন আল-হাদাদের পরে এই গোষ্ঠীর সশস্ত্র শাখার দ্বিতীয় প্রধান হিসেবে উল্লেখ করেছে।

সূত্রগুলো আরও জানিয়েছে, হামাসের গাজা সিটি ব্যাটালিয়নের নেতৃত্ব দিতেন সায়েদ, যা ছিল গোষ্ঠীটির সবচেয়ে বড় এবং সুসজ্জিত ব্যাটালিয়নগুলোর একটি।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, জঙ্গি ঘাঁটি অপসারণের একটি অভিযানের সময় বোমা বিস্ফোরণে দুই সেনা আহত হয়েছিলেন। তবে রায়েদ সায়েদের ওপর হামলার ঘটনার সাথে এর সম্পর্ক আছে কি-না তা নিশ্চিত নয়।

২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় হামাস। এতে ১,২০০ ইসরায়েলির মৃত্যু হয়। যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। তখন জিম্মিও করা হয় ২৫১ জনকে। এরপর গাজায় একের পর এক হামলা শুরু করে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইসরায়েলের হামলায় ৭০ হাজারের বেশি প্যালেস্টাইনের নাগরিক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক।

চলতি বছরের ১০ই অক্টোবর হওয়া যুদ্ধবিরতি চুক্তির ফলে প্যালেস্টাইনের লাখ লাখ মানুষ যুদ্ধ বিধ্বস্ত গাজায় ফিরতে পেরেছেন। শহরটির বিভিন্ন জায়গা থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। বেড়েছে ত্রাণ সামগ্রীর সরবরাহ।

তবে সহিংসতা থামেনি। প্যালেস্টাইনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে আরও অন্তত ৩৮৬ জনকে হত্যা করেছে। এদিকে ইসরায়েল বলছে, যুদ্ধবিরতি শুরুর পর তাদের তিনজন সেনা নিহত হয়েছে।