‘হাদিকে খুব এক্সপার্ট হ্যান্ডে গুলি করা হয়েছে’

হাদিকে এক্সপার্ট হ্যান্ডে গুলি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক আবদুল আহাদ।

১৪ই ডিসেম্বর রবিবার ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ওসমান হাদির অস্ত্রোপচার দলে থাকা এই চিকিৎসক বলেন, “আমি একজন সার্জন হিসেবে বলতে চাই তাকে খুব এক্সপার্ট হ্যান্ডে গুলি করা হয়েছে। কারণ তাকে যে জায়গা দিয়ে ডান পাশে গুলি করা হয়েছে, টেম্পোরার বোন ভেদ করে একদম ব্রেনের যে মেইন অংশ ব্রেন স্টেম, যেটা দিয়ে হৃদযন্ত্র এবং শ্বাস-প্রশ্বাস সেন্টার থাকে, ঠিক সেই সেন্টারের সামনে দিয়ে, যেখানে সবচেয়ে বেশি রক্তনালী থাকে, ঐ রক্তনালির সামনে দিয়ে একদম এফোঁড় ওফোঁড় হয়ে গিয়েছে। এক্সপার্ট হ্যান্ড ছাড়া এরকম এবং সে যদি অভিজ্ঞ না হয়, তাহলে এই জায়গা দিয়ে গুলি করতে পারে না।

রিপিট সিটিস্ক্যান করার পর হাদির অবস্থা অপরিবর্তিত, ব্রেন ইনজুরি মারাত্মক। লাইফ সাপোর্টে তার ফুসফুসের যে কন্ডিশন ছিল সেটা অপরিবর্তিত রয়েছে। কিছু অর্গান লাইভ সাপোর্ট এর মধ্যে দিয়েই কন্টিনিউ করা হচ্ছে।”

তিনি আরও জানান, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের হাসপাতালগুলোতে হাদির মেডিক্যাল রিপোর্ট তার পরিবার পাঠিয়েছে। বিদেশে পাঠানোর ব্যাপারে তার পরিবারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

১২ই ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদিকে গুলি করা হয়। চলন্ত অটোরিকশায় থাকা হাদিকে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের পেছনে বসে আততায়ী মাথা লক্ষ্য করে গুলি চালায়। এরপর হাদিকে প্রথমে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে এক দফা অস্ত্রোপচারের পর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতাল।